আংশিক বিজয় বললেন কাজী জাফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির বহিষ্কৃত জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ নির্বাচনে অংশগ্রহণ না করার এইচ এম এরশাদের ঘোষণাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, এরশাদের সঙ্গে মতাদর্শগত যে সংগ্রাম চলে আসছিল, সে ক্ষেত্রে আংশিক বিজয় এসেছে। তবে নির্বাচন বর্জন ও মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণার পরপরই কাজী জাফর জাতীয় পার্টির বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য ও দলীয় সাংসদকে নিয়ে বৈঠক করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দলের প্রেসিডিয়াম সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, কাজী মাহমুদ হাসান, মজিবুর রহমান, এস এম এম আলম, আবুল কাশেম, আতিকুর রহমান আতিক, এইচ এম গোলাম রেজা, প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ্ অংশ নেন। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য লুত্ফুর রহমান হেলাল, ভাইস চেয়ারম্যান নবাব আলী আব্বাস খাঁন, আনোয়ারা বেগম, সাবেক সাংসদ শহীদুল ইসলাম, নূরুল ইসলাম সানু, সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, মজিবুর রহমান, সাবেক সাংসদ আনছার আহমেদ, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, সাবেক সাংসদ ছিদ্দিকুর রহমান, বেগম রওশনারা মান্নান, যুগ্ম মহাসচিব আলমগীর সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজী জাফর আহমদ অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এখনো সময় আছে। অবিলম্বে পদত্যাগ করে নতুন করে সংলাপের মাধ্যমে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করুন। তা না হলে ইতিহাসের চরমদণ্ড মাথায় নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানাই এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই ও তাদের রুহের মাগফেরাত কামনা করি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন এবং ১৮ ডিসেম্বর জাতীয় পার্টির বিশেষ কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান কাজী জাফর আহমদ।