আংশিক রিমান্ড শুনানি শেষে আইনজীবী শাকিলা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানাকে ফের রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর আংশিক শুনানি হয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের আদালতে এ শুনানি হয়। আদালত পূর্ণাঙ্গ শুনানির জন্য পরবর্তী দিন ধার্য রেখেছেন। তবে তারিখ ধার্য করেননি।

গ্রেপ্তার শাকিলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। এ ছাড়া তিনি সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলমের বড়মেয়ে।

গত ১৮ আগস্ট ঢাকা থেকে ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক একটি নতুন জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। পরে তাঁদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দুই মামলায় তিন আইনজীবী রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, হাটহাজারী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানাকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ডের আবেদন করেন র‌্যাব-৭। কিন্তু মামলার কেস ডকুমেন্ট (সিডি) না থাকায় আংশিক শুনানি হয়। আদালত পূর্ণাঙ্গ শুনানির জন্য পরবর্তী দিন ধার্য রাখেন। তবে এখনো কোনো তারিখ পড়েনি।

আসামির আইনজীবী আবদুস সাত্তার অভিযোগ করে বলেন, শাকিলা ফারজানাকে হাটহাজারী থানার মামলায় র‌্যাব রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। গত ২৬ আগস্ট এ মামলায় শাকিলা জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয় দাবি করে আদালতে জবানবন্দিও দিয়েছিলেন। এরপর র‌্যাব এ মামলায় আবারও রিমান্ডের আবেদন করে। এক মামলায় একবার আসামি জবানবন্দি দেওয়ার পর দ্বিতীয় দফায় তাঁকে রিমান্ডে নেওয়ার নজির নেই জানিয়ে এই রিমান্ড বাতিলের আবেদন করা হয়। এ ছাড়া মামলার সিডি না থাকায় আদালত আংশিক শুনানি শেষে পূর্ণাঙ্গ শুনানির জন্য পরবর্তী দিন ধার্য রাখেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে শাকিলাকে আজ আদালতে হাজির করা হলেও পরে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।