২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আতাউর রহমান গতকাল মঙ্গলবার আদালতে আংশিক সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। ৬ এপ্রিল তাঁর বাকি সাক্ষ্য গ্রহণ ও তাঁকে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করা হয়েছে।
সাক্ষী আতাউর রহমান আদালতে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই হামলায় অনেক লোক হতাহত হয়। তিনি ৩৩ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাক, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, অজয় কর, এনামুল হক শামীম উল্লেখযোগ্য। গতকাল তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় আদালত ৬ এপ্রিল বাকি সাক্ষ্যের জন্য দিন ধার্য করেন।
এর আগে এই মামলায় ১২৩ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন এই মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।
এই মামলায় কারাগারে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ২৬ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আট আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক তিন আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বকশ চৌধুরী এবং মামলাটির সাবেক তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান ও আবদুর রশীদ এবং সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির ছিলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, বিএনপির সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদসহ অপর ১৮ জন পলাতক।