আংশিক সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্ত কর্মকর্তা গতকাল বৃহস্পতিবারও আংশিক সাক্ষ্য দিয়েছেন। ৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্যগ্রহণ শেষে এই তারিখ ধার্য করেন। তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদ গত ২১ ডিসেম্বর আংশিক সাক্ষ্য দিয়েছিলেন।
পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এই মামলার বিচার কার্যক্রম চলছে। গতকাল খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, খালেদা জিয়া অসুস্থ। তা ছাড়া তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। আদালত এই আবেদন মঞ্জুর করেন।