আই-জেন ক্যাম্প শুরু হচ্ছে আজ

আই-জেনের আঞ্চলিক প্রতিযোগিতা ও আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে আজ ৩ সেপ্টেম্বর থেকে৷ শুরু হচ্ছে ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের ১৫ জেলার সেরা ১৫টি স্কুল দল নিয়ে৷ এ রকম আট অঞ্চলে আটটি ক্যাম্পে অংশ নেবে ৬৪ জেলার বিজয়ী স্কুল দল৷ তিন দিনের ক্যাম্প ও প্রতিযোগিতা শেষে আট অঞ্চল থেকে আটটি স্কুল দল নির্বাচিত হবে জাতীয় পর্যায়ের আই-জেন প্রতিযোগিতার জন্য৷ প্রতি দলে থাকছে জেলার প্রতিনিধিত্বকারী সেরা স্কুল দলের পাঁচজন প্রতিযোগী৷ আই-জেনের অঞ্চলগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর৷
ময়মনসিংহ অঞ্চলের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের শম্ভুগঞ্জের ব্র্যাক লার্নিং সেন্টারে৷ এতে অংশ নিচ্ছে নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার প্রতিনিধিত্বকারী সেরা স্কুল দল৷ স্কুলগুলো হচ্ছে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, জামালপুর জিলা স্কুল, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, আফতাব উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়৷
রংপুরের দর্শনার মোড় এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে আঞ্চলিক আই-জেন ক্যাম্পে অংশ নিচ্ছে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর ও গাইবান্ধা জেলার প্রতিনিধিত্বকারী স্কুল দলগুলো৷ এ অঞ্চলের সেরা স্কুল দলগুলোর মধ্যে আছে দ্য মিলেনিয়াম স্টার্স, বিপি সরকারি উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়, নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়, ফাকল পুলিশ লাইনস স্কুল, দিনাজপুর জিলা স্কুল ও গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়৷
তিন দিনের এই আবাসিক ক্যাম্পে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশ নেবে৷ এতে কম্পিউটার প্রোগ্রামিং ও ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া থাকবে ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা, ইন্টারনেট নিরাপত্তা, উইকিপিডিয়া ও গুগল ট্রান্সলেটে অবদানের মতো বিষয়ে কর্মশালার ব্যবস্থা। প্রশিক্ষণ দেওয়া হবে উপস্থাপন ও সুন্দর বাচনভঙ্গি বিষয়ে৷ থাকবে নেতৃত্ব, লক্ষ্য, ব্যক্তিত্বসহ জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ের পাঠ আর এগুলোর ওপর অভিজ্ঞদের সঙ্গে আলাপচারিতা৷ সঙ্গে থাকবে আরও কিছু চমক৷
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে সারা দেশের দুই হাজার স্কুলে৷ এতে অংশ নিয়েছে ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী৷ এর মধ্য থেকে জেলা পর্যায়ে অংশ নিয়েছে এক হাজার স্কুলের স্কুল দল৷ জেলা পর্যায়ে প্রতি জেলা থেকে আমরা পেয়েছি একটি দল, যারা এখন অংশ নিচ্ছে আই-জেনের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায়৷
আই-জেনের বিস্তারিত তথ্য থাকছে আই-জেনের ফেসবুক পেজ (www.fb.com/IGEN) ও প্রথম আলোর বিশেষ ওয়েবপেজে (www.prothom-alo.com/igen)।