আই-জেন ২০১৫ চ্যাম্পিয়ন সেন্ট যোসেফ স্কুল

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫ এর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল৷ আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার হল-৪-এ (নবরাত্রি হল) গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের চূড়ান্ত পর্বের আসরে শিরোপা জিতে নিয়েছে ওই স্কুলের পাঁচ শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে তৈরি করা। আই-জেন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিপুল অংশ গ্রহণের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আমাদের নতুন প্রজন্ম জ্ঞান ও মেধার দিক থেকে বিশ্বমানের। শিক্ষার্থীদের উৎসাহিত করতে আই-জেন প্রতিযোগিতার আয়োজন ধন্যবাদ পাওয়ার যোগ্য।
আই-জেন-এ অংশ নিয়েছে দেশের দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ লাখ ৭০ হাজার প্রতিযোগী ৷ দীর্ঘ দশ মাস ইন্টারনেট আর তথ্যপ্রযুক্তির নানান প্রশিক্ষণ আর চার ধাপের প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় টিকে থাকে চারটি স্কুল দল ৷ প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রামের সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুল, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল চূড়ান্ত পর্বে পৌঁছে যায়। আর দর্শকদের ভোটে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে চূড়ান্ত পর্বে সুযোগ পায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় রানার আপ হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রতিযোগিতার সেরা হিসেবে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রতিযোগীরা পেয়েছেন ২৫ লাখ টাকার পুরস্কার ও প্রত্যেকে একটি করে ল্যাপটপ। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সৌজন্যে পাঁচ লাখ টাকার শিক্ষাবৃত্তি। এ ছাড়া স্কুল পাচ্ছে একটি ইন্টারনেট ল্যাব। প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ পেয়েছে যথাক্রমে ১০ লাখ ও পাঁচ লাখ টাকার পুরস্কার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হাসান। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বক্তব্য দেন।
মারিয়া নূরের প্রাণবন্ত উপস্থাপনায় প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন কণা ও বাপ্পা মজুমদার। নাচে অংশ নেন মেহজাবিন।
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেইডটকম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। অনুষ্ঠানের দিন মেকআপ পার্টনার ছিল পারসোনা।