আইআইইউসির আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) আয়োজিত দুই দিনব্যাপী দশম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলের আবিষ্কার নিয়ে আইআইইউসি এ সম্মেলনের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে আইআইইউসির উপাচার্য এ কে এম আজহারুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রকৌশলের সর্বক্ষেত্রের নতুন ধারণা, সাম্প্রতিক ফলাফল এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে এই আন্তর্জাতিক সম্মেলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির ভারপ্রাপ্ত সহ-উপাচার্য অধ্যাপক দেলাওয়ার হোসেন। বক্তব্য দেন ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট অনুষদের ডিন কামারুজ্জামান সিমন, ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইউ) বাংলাদেশ সেকশনের সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আবদুল গাফ্ফার খান, মোহাম্মদ সামসুল আলম প্রমুখ।