আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখ করে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আইআরআইয়ের দেওয়া প্রতিবেদন নিয়ে সন্দেহ পোষণ করেছেন জ্যেষ্ঠ সাংসদেরা। প্রতিবেদনের জন্য আইআরআইকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, বাংলাদেশের সাফল্যের জন্য কারও সনদের দরকার নেই।
আইআরআইয়ের দেওয়া প্রতিবেদনের ওপর গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এসব কথা বলেন। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর প্রস্তাব করা হয়। প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। আলোচনা শেষে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। সাংসদদের কেউ কেউ প্রতিবেদনের প্রশংসা করেন।
সম্প্রতি বাংলাদেশ বিষয়ে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে জনমত জরিপের তথ্য দিয়ে বলা হয়, নির্বাচনের বিষয়ে দেশে রাজনৈতিক বিভাজন অব্যাহত থাকলেও বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থন বেড়েছে। দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে লোকজনের মনোভাব ইতিবাচক, অর্থনীতির ভবিষ্যৎ নিয়েও তাঁরা আশাবাদী। তবে তাঁদের কাছে দুর্নীতি এখনো সবচেয়ে উদ্বেগের বিষয়।
আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরনের প্রতিবেদন দেখলে ভয় লাগে। আমেরিকা যার বন্ধু হয়, তার দুশমনের দরকার হয় না। তবে শেখ হাসিনার কিছু হলে সাংসদেরাসহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসবে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রতিবেদন নিয়ে আমি উল্লসিত নই। এই জরিপের মাধ্যমে তারা কী চায়, তা সময়ই বলে দেবে।’
আবদুল মতিন খসরু বলেন, বাংলাদেশের সাফল্যের জন্য আইআরআইয়ের সার্টিফিকেটের (সনদ) দরকার নেই। ১৬ কোটি মানুষের সার্টিফিকেটই যথেষ্ট।
মানুষ স্বস্তিতে আছে, দেশে কোনো হানাহানি নেই উল্লেখ করে শেখ সেলিম বলেন, কারও সার্টিফিকেট নিয়ে বাংলাদেশকে চলতে হবে, এটা গ্রহণযোগ্য নয়।
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আইআরআইয়ের প্রতিবেদন দেখে অবাক হয়েছি। কারণ, তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল। পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার পেছনে জড়িত ছিল। যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি। তাই তাদের প্রতিবেদনে উল্লাস করার কিছু নেই। শেখ হাসিনার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। তিনি নিজ গুণে মহিমান্বিত।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘কেন যে পাগলা বাবার নজর বারবার আমাদের দিকে পড়ে। তবে তাদের এই প্রশংসা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।’
আইআরআইয়ের প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক মন্তব্য করে জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘প্রতিবেদনটি থেকে যে বড় কিছু পেয়ে গেছি, তা নয়। তারা যখন কোনো দেশে কিছু করতে চায়, তার আগে এমন প্রতিবেদন তৈরি করে। ১৯৭০, ১৯৭১, ১৯৮১-তেও তারা এমন প্রতিবেদন তৈরি করেছিল। এখন মালয়েশিয়া, মিয়ানমার, বাংলাদেশকে নিয়েও প্রতিবেদন দিয়েছে।’ তিনি আরও বলেন, তারা প্রতিবেদনের শুরুতে গাছে তুলে দিয়েছে। শেষে বলেছে ৪৭ শতাংশ মানুষ সত্বর নির্বাচন চায়। তাদের পরিষ্কার হতে হবে, নির্বাচনটা কাদের স্বার্থে হবে। এখানে ২০১৯ সালে নির্বাচনের সময় নির্ধারিত করা আছে।
সাধারণ আলোচনায় আরও অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, চিফ হুইপ আ স ম ফিরোজ প্রমুখ।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে মোট ছয়টি বিল পাস হয়। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ৪১টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ৩৬টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য ২ হাজার ২৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৮৮৭টির।