আইইউবিটিতে পোশাক বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিটি) পোশাক পরার বিষয়ে কথিত নির্দেশনাকে কেন্দ্র করে সংঘটিত হাঙ্গামার বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এম আলিমুল্লাহ মিয়ান অভিযোগ করেছেন যে উগ্র জঙ্গিবাদীরাই এ জন্য দায়ী। তিনি পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন।
গত সোমবার উত্তরার ১০ নম্বর সেক্টরে অবস্থিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ে হামলার যে চিত্র সিসি ক্যামেরায় ধরা পড়ে, তাতে দেখা যায় যে মূল ফটকে অবস্থান নিয়েছিলেন অর্ধশতাধিক সশস্ত্র পুলিশ সদস্য। তাঁদের সামনে আইইউবিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে পায়জামা-পাঞ্জাবি, বোরকার মতো পোশাক পরে আসায় বাধা দেওয়ার প্রতিবাদে দুই শতাধিক ব্যক্তি বিক্ষোভ করছিলেন। তবে একপর্যায়ে পুলিশ সদস্যরা গেটের সামনে থেকে সরে যান। আর বিক্ষোভকারীরা গেট ধাক্কা দিয়ে খুলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালান।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উপাচার্য আলিমুল্লাহ মিয়ান বলেন, বিক্ষোভকারীদের হামলায় তাঁদের কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। পুলিশ সক্রিয় থাকলে এ ঘটনা এড়ানো যেত। তিনি অভিযোগ করেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশের পক্ষ থেকে উল্টো বিশ্ববিদ্যালয় বন্ধের কথা বলা হয়েছে।
উপাচার্য জানান, প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। সাতজন শিক্ষার্থী পাঞ্জাবি-পায়জামা-পাগড়ি পরে ক্লাস করার জন্য হাইকোর্টে একটি রিট করেন, যাতে অভিযোগ করা হয় যে বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় দাড়ি কামিয়ে দেওয়া হয়, মাথার টুপি খুলে নেওয়া হয়। মেয়েদের হিজাব পরতে দেওয়া হয় না। গত ২৪ নভেম্বর আদালত ওই রিট খারিজ করে দেন। এর কয়েক দিন পরই এই হামলা চালানো হলো বলে উপাচার্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এই শিক্ষার্থীরাই ড্রেস কোড নিয়ে অপপ্রচার চালান। তাঁরা ক্লাসের সময় স্বাভাবিক পোশাক পরেন, কিন্তু যখন আন্দোলন হয়, তখন বাইরে গিয়ে বিক্ষোভ করেন। তবে গত সোমবারের বিক্ষোভের সময় এঁদের কাউকে দেখা যায়নি। এঁরা টঙ্গী ও এর আশপাশের এলাকায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে পাঞ্জাবি, হিজাব পরায় বাধা দেওয়ার কথা প্রচার করেন বলে অভিযোগ করা হয়। এরপরই গত সোমবার বড় একটি সমাবেশ হয়, যে সমাবেশের পর হামলার ঘটনা ঘটে।
অন্য আরেক শিক্ষার্থী বলেন, সেপ্টেম্বরে ভ্যাটবিরোধী আন্দোলনের সময় এই সাতজনের অনেকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে উত্তরায় গিয়েছিলেন। ফেসবুকে ছবি আপলোড করেছিলেন। আবার পরে তাঁরাই পাঞ্জাবি পরা নিয়ে আন্দোলনে নেমে পড়েন।
জানা গেছে, বিক্ষোভকারীদের হামলায় পুলিশ সরে গেলে আইইউবিটির সাধারণ শিক্ষার্থী ও তাঁদের নিরাপত্তারক্ষীরা প্রতিরোধে এগিয়ে আসেন। তাঁদের পাল্টা ধাওয়ায় বিক্ষোভকারীরা চলে গিয়ে রাস্তা অবরোধ করেন। হামলা ঠেকিয়েছিলেন এমন এক শিক্ষার্থী বলেন, ক্লাস চলার সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে গাড়ি ভাঙচুর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা আবু হানিফ প্রথম আলোকে জানান, আইইউবিটির ড্রেস কোডে উল্লেখ করা হয়েছে, ছেলেরা কলারযুক্ত টি-শার্ট, প্যান্টের সঙ্গে শুর পরে আসতে পারবেন। শার্ট পরলে অবশ্যই টাই পরতে হবে। এ ছাড়া মেয়েরা সালোয়ার-কামিজ, ওড়না পরতে পারবেন। স্কার্ফ ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে।
তিনি বলেন যে মেয়েদের বোরকা পরায় এবং ছেলেদের দাড়ি রাখায় বিধিনিষেধ নেই। তবে বহিরাগত কেউ বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে যেন প্রবেশ করতে না পারে, তাই মেয়েদের মুখ সম্পূর্ণ ঢেকে রাখা নিষেধ।
এদিকে হামলার পরও গতকাল সকাল থেকে অন্যান্য দিনের মতো ক্লাস শুরু হয় আইইউবিটিতে। সরেজমিনে দেখা গেছে, হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টির মতো গাড়ি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ে রয়েছে। উপাচার্যের দোতলার কক্ষের কাচ ভাঙা রয়েছে। সেখানে পড়ে রয়েছে বড় বড় ইটের টুকরা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করতে গেলেও উত্তরা পশ্চিম থানায় কোনো মামলা করা যায়নি।
পুলিশের ভূমিকার বিষয়ে আইইউবিটি কর্তৃপক্ষের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উত্তরার ডিসি বিধান ত্রিপুরা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় ব্যক্তিদের একাংশের একটি বিরোধ রয়েছে। তবে আইইউবিটির এক শিক্ষক তাঁদের এক ছাত্রীর হিজাব খুলে ফেলেছেন এমন অভিযোগও পুলিশের কাছে এসেছে। পাঞ্জাবি পরায় বাধা দেওয়া হয়েছে এমন অভিযোগ করে এখানকার ২০০ শিক্ষার্থী পুলিশের কাছে অভিযোগ করেছেন।
ডিসি বিধান ত্রিপুরা আরও বলেন, যাঁদের জড়িত থাকার কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন যে বিক্ষোভকারীদের চাইতে পুলিশের সংখ্যা কম থাকায় প্রথমে তাঁদের ঠেকানো যায়নি। পরে পুলিশ ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
অভিযোগ না নেওয়া সম্পর্কে ডিসি বিধান ত্রিপুরা বলেন, ঘটনা তদন্তের পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।