আইইউবিতে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আয়োজনে দ্বিতীয় অ্যাডভান্সেস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করা হয়।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে বিষয়সংক্রান্ত সর্বাধুনিক জ্ঞান, তথ্য-উপাত্ত, গবেষণা ও উদ্ভাবন সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় এ সম্মেলনের মূল লক্ষ্য বলে জানান আয়োজক আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন আলী শিহাব সাব্বির।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, বাংলাদেশ অচিরেই নিজেদের শ্রম ও মেধা দিয়ে জীবনমানের ভিত্তিতে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক সামির এম আল-গাজালী। আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান সাইফুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন।
অন্যান্যের মধ্যে ইনস্টিটিউশনস অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের বাংলাদেশের প্রেসিডেন্ট প্রাণ কে সাহা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি শামীমুজ্জামান বসুনিয়া ও সম্মেলনের আন্তর্জাতিক প্রোগ্রাম কমিটির প্রধান এম এস আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে ধন্যবাদ জানান স্থানীয় আয়োজক কমিটির প্রধান এবং আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক আবদুর রাজ্জাক। বিজ্ঞপ্তি।