আইইউবিতে কোরিয়ান মেলা

আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের জন্য ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) কোরিয়ান মেলার আয়োজন করেছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান সংস্কৃতি বিষয়ক কে-ক্লাবের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত হয় এই মেলা।
প্রধান অতিথি হিসেবে আইইউবির উপাচার্য এম ওমর রহমান এর উদ্বোধন করেন।। তিনি বলেন, ‘এই আয়োজন আমাদের কোরিয়ার সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দিয়েছে। এটা আমাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা’।
বিশেষ অতিথি কোরিয়ান দূতাবাসের সংস্কৃতি বিষয়ক সহ দূত মিন জিয়ং চো বলেন, এ ধরনের আয়োজন ও বিনিময় দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও জোরদার করবে।
মেলার মূল আকর্ষণগুলোর মধ্যে ছিল কোরিয়ানদের জীবনযাত্রা, খাবার, খেলাধুলা নিয়ে প্রদর্শনী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরিয়ান সংগীতের জনপ্রিয় ধারা ‘কে-পপ’ পরিবেশন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিবারেল আর্টস ও সোশাল সায়েন্সেস স্কুলের ডিন মাহবুব আলম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জাকির হোসেন রাজু, কে-ক্লাবের কো-অর্ডিনেটর রাইয়ানা রহমান প্রমুখ।