আইইউবিতে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড
তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তকলেজ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড-২০১১’। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান সাইফুর রহমান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপাচার্য এম ওমর রহমান, প্রতিযোগিতার প্রধান বিচারক ও অধ্যাপক এম কায়কোবাদ, অধ্যাপক খোদাদাদ খান, আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার।অনুষ্ঠানে ১৩টি কলেজের ১৩৬ জন প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্যে গণিত ও পদার্থবিজ্ঞান এবং সাধারণ জ্ঞানে দুটি শাখায় প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীকে বিভিন্ন অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়া হয়। গণিত ও পদার্থবিজ্ঞান শাখায় প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী আহমেদ নাজিম উদ্দিন, দ্বিতীয় স্কলাস্টিকা স্কুল ও কলেজের আকিদ অর্ণব এবং তৃতীয় হয়েছে নটর ডেম কলেজের মীর্জা শেরিফ মুগ্ধ।সাধারণ জ্ঞান শাখায় প্রথম হয় মাস্টারমাইন্ড স্কুল অ্যান্ড কলেজের সাদমান আহমেদ সিদ্দিকী, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের আফিফা চৌধুরী ও রাশেদ মনসুর। অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতা করেছে ট্রান্সটেক কেব্লস ও এসিআই লিমিটেড। বিজ্ঞপ্তি।