আইইউবিতে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের শতবর্ষ উদ্যাপন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের শততম বর্ষপূর্তি উপলক্ষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ইংরেজি বিভাগের উদ্যোগে গত বৃহস্পতিবার দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আনিসুজ্জামান।
রবীন্দ্রনাথের ‘আলো আমার আলো’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবির ইংরেজি বিভাগের প্রধান হাফিজা নিলুফার খান। আরও বক্তৃতা করেন আইইউবির উপাচার্য এম ওমর রহমান ও স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান ইংরেজিতে গীতাঞ্জলি অনুবাদের পেছনের ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি তিনি রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির প্রেক্ষাপট বর্ণনা করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল রবীন্দ্রনাথের রচনাবলি থেকে পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের এই পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।