আইইউবির সমাবর্তন অনুষ্ঠিত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম, বেআইনি ক্যাম্পাস স্থাপন ও মুনাফা অর্জনকে নিজেদের সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে। তাদের বিরুদ্ধে চাপ অব্যাহত রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এ জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা রাখা হয়নি।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে তিনি সভাপতিত্ব করেন। সমাবর্তনে এক হাজার ১৬৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ের ৭২৯ ও স্নাতকোত্তর পর্যায়ের ৪৩৪ জন রয়েছেন।
কিছু বিশ্ববিদ্যালয় খারাপ করলেও বেশির ভাগই ভালো করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে শিক্ষাদান ও মান উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশের বাস্তবতা ও আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি নির্ধারণ করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
সমাবর্তন বক্তা আইইউবির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এ মজিদ খান নীতি, নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন আধুনিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সমাবর্তনে আরও বক্তব্য দেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান সাইফুর রহমান, উপাচার্য এম ওমর রহমান, সহ-উপাচার্য মিলান পাগন প্রমুখ।