আইইটিতে বিশুদ্ধ পানির সংকট
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামী এডুকেশন ট্রাস্ট (আইইটি) সরকারি বালক উচ্চবিদ্যালয়ে বিশুদ্ধ খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। বিদ্যালয়ের নিজস্ব নলকূপ না থাকায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।
নগরের হাজীগঞ্জে ১৯২৬ সালে আইইটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটিই জেলার একমাত্র সরকারি বালক উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬২২ জন। পানির চাহিদা মেটাতে একটি হস্তচালিত টিউবওয়েল আছে। কিন্তু অনেক পুরোনো হওয়ায় ওই টিউবওয়েলে আর পানি উঠছে না। নারায়ণগঞ্জের প্রায় সব বিদ্যালয়ের নিজস্ব গভীর নলকূপ থাকলেও এই বিদ্যালয়ে নেই।
অষ্টম শ্রেণীর ছাত্র শাহরিয়ার মাহমুদের মা কামরুন নাহার জানান, চৈত্রের প্রচণ্ড গরমে এমনিতেই খাওয়ার পানির চাহিদা বেশি থাকে। বেশির ভাগ ছাত্রই বাসা থেকে ফোটানো পানি বোতলে নিয়ে যায়। কিন্তু এক বোতল পানিতে ছাত্রদের চাহিদা পূরণ হয় না। তাই অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের আশপাশের দোকান থেকে বোতলজাত খাওয়ার পানি কিনে খেতে বাধ্য হচ্ছে।
বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দেবদাস বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।