আইইবি নির্বাচনের ফল প্রকাশে অকারণে দেরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) ২০১৩-২০১৪ মেয়াদের নির্বাচন শেষ হয়েছে গত সোমবার বিকেল পাঁচটায়। কিন্তু গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত এর ফলাফল দেয়নি নির্বাচন কমিশন।প্রকৌশলীদের কয়েকজন অভিযোগ করেছেন, অকারণে ফলাফল দিতে দেরি করা হচ্ছে। এর মাধ্যমে ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ। পরিষদের প্রেসিডেন্ট পদে ঢাকার বাইরের ফলাফলে সরকারি দলের সমর্থক প্রার্থীর পক্ষে অস্বাভাবিক ব্যবধান তৈরির অভিযোগ পাওয়া গেছে। তবে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলেছেন, আইন অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল দেওয়ার কথা। ঢাকার বাইরের সাতটি জেলা থেকে ফলাফল আসেনি, তাই দেরি হচ্ছে। গতকাল ২৫ ডিসেম্বরের ছুটি থাকায় এই অবস্থা হয়েছে বলেও তিনি জানান।নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর সমর্থক নীল প্যানেল এবং বিএনপি-জামায়াত-সমর্থিত হলুদ প্যানেল অংশ নেয়। বিএনপির প্যানেল থেকে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি। এ পদে নীল দলের প্রার্থী শামীম জেড বসুনিয়া এবং স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আবুল কাসেম। অভিযোগ পাওয়া গেছে, ঢাকায় এই দুই প্রার্থীর খুব কাছাকাছি অবস্থান ছিল। কিন্তু এরপর ঢাকার বাইরের ফলাফলে ব্যাপক ব্যবধান তৈরি হয়। যেমন, গোপালগঞ্জে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পান ২০ ভোট এবং তারাকান্দিতে ৬৫ ভোট। এই দুই জেলায় স্বতন্ত্র প্রার্থী কোনো ভোট পাননি। ব্রাহ্মণবাড়িয়ায় নীল প্যানেলের প্রার্থী ৪৫ ভোট পান, স্বতন্ত্র প্রার্থী পান চার ভোট। এ প্রসঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান প্রকৌশলী খিজির খান বলেন, এই ফলাফল অস্বাভাবিক নয়। অনেক জায়গায় আঞ্চলিকতা বা ব্যক্তিগত প্রভাবের কারণে একজন প্রার্থীর পক্ষে এমন ভোট পড়তেই পারে। ফলাফল দিতে দেরি প্রসঙ্গে তিনি বলেন, গতকাল (সোমবার) সবাই সারা দিন কাজ করেছেন। আজ ছুটির জন্য ফলাফল আসতে দেরি হচ্ছে। তিনি বলেন, ‘আমি কাউকে বাধ্য করতে পারি না। এটা স্বেচ্ছামূলক কাজ।’ ফ্যাক্স বা ই-মেইলে ফলাফল না পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ই-মেইলে আসার বিধান নেই। কিছু কিছু ক্ষেত্রে ফ্যাক্সের ফলাফল ভালোভাবে বোঝা যায়নি। তাই আবার পাঠাতে বলা হয়েছে।