ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম জাতীয় কনভেনশন (সম্মেলন) আজ শনিবার চট্টগ্রামে শুরু হচ্ছে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভেলপমেন্ট’। অবশ্য আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার হলেও গতকাল শুক্রবার থেকেই সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল বেলা সোয়া ১১টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইইবি কেন্দ্রীয় কমিটির নেতারা। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান আইইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর।
লিখিত বক্তব্যে বলা হয়, আজ বেলা সাড়ে ১১টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আজকের আয়োজনে আরও থাকছে প্রকৌশলী এম এ রশীদ স্মৃতি বক্তৃতা, দক্ষিণ ও মধ্য এশিয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলোর ফেডারেশনের (ফিয়েস্কা) সেমিনার, ফিয়েস্কা কার্যনির্বাহীর সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার অনুষ্ঠিত হবে জাতীয় সেমিনারের উদ্বোধনী, বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার শেষ দিনে থাকছে জাতীয় সেমিনারের সমাপনী ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সম্মেলনে জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘ইউটিলাইজেশন অব ডিজিটাল টেকনোলজি ফর প্রো পিপল ডেভেলপমেন্ট’। অনুষ্ঠানে শহীদ প্রকৌশলী পরিবার ও বিদেশি অতিথিদের সংবর্ধনা দেওয়া হবে।
আয়োজকেরা জানান, এবারের কনভেনশনে সারা দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রকৌশলী যোগ দিচ্ছেন। এ ছাড়া বিদেশ থেকে প্রায় দেড় শ অতিথি সম্মেলনে যোগ দিতে এসেছেন।
গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইইবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. কবির আহমেদ ভূঞা, সহসভাপতি খন্দকার মনজুর মোর্শেদ, মো. শাহাদাত হোসেন, মো. নুরুজ্জামান, মো. আতাউল মাহমুদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি সাদেক মোহাম্মদ চৌধুরী, সহসভাপতি মো. আবদুর রশীদ, উদয় শেখর দত্ত, সম্পাদক প্রবীর কুমার সেন, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক এস এম মনজুরুল হক, মো. মোজাম্মেল হক, মামুনুর রশীদ, শাহাদাৎ হোসেন প্রমুখ।