আইইবির ৫৩তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৩তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন। এর আগে ১২ জানুয়ারি শুরু হয় প্রকৌশল পেশাজীবীদের সবচেয়ে বড় এই বার্ষিক মিলনমেলা।গতকাল শুক্রবার সকালে আইইবি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৬ জানুয়ারি সম্মেলনের সমাপনী অধিবেশনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন।সংবাদ সম্মেলনে আইইবির সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা, সহসভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর প্রমুখ বক্তব্য দেন।সম্মেলন উপলক্ষে ইস্যুভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার, কারিগরি সেশন, স্মারক বক্তৃতা, বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ বেলা আড়াইটায় ‘জ্বালানি বিষয়ে আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক প্রকৌশলী এম এ রশীদ স্মৃতি বক্তৃতায় প্রধান অতিথি থাকবেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া বিকেলে সেমিনার এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কাল রোববার সকালে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতায় বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন বিষয়ে সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আবুল বারকাত।এ ছাড়া ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ৫৫তম বার্ষিক সাধারণ সভা। ১৬ জানুয়ারি বেলা দুইটায় অনুষ্ঠিত হবে জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রায় ৭৫ জন প্রকৌশলী অংশ নিচ্ছেন।