আইএইএ প্রধানকে ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লজ দেওয়া হবে। এ উপলক্ষে আগামী ৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী গত ১৪ জুন সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪ জুলাই মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশেষ সমাবর্তন হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ইউকিয়া আমানো সমাবর্তন অনুষ্ঠানে ‘শান্তি ও উন্নয়নে পারমাণবিক শক্তি’ শীর্ষক বক্তৃতা দেবেন। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, ইউকিয়া আমানো ২০০৯ সাল থেকে সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ১৯৭২ সালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বেলজিয়াম, ফ্রান্স, লাওস, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করেছেন তিনি।