আইএএস-কমসটেক ইব্রাহিম স্মৃতি পুরস্কার পেলেন অধ্যাপক লিয়াকত আলি
ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (আইএএস) এবং ওআইসি স্ট্যান্ডিং মিনিস্টারিয়াল কমিটি অন
সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের (কমসটেক) সম্মানসূচক পুরস্কার লাভ করেছেন বাংলাদেশের
বিজ্ঞানী অধ্যাপক লিয়াকত আলি। আইএএসের প্রতিষ্ঠাতা ফেলো, মরহুম অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের নামে
প্রবর্তিত এ পুরস্কারটি প্রতি দুই বছর পর পর মুসলিম বিশ্বের একজন বিজ্ঞানীকে দেওয়া হয়।
গত মঙ্গলবার ঢাকায় সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ১৯তম আইএএস সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ পদক দেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং আইএএসের মহাপরিচালক মনিফ আর জোবি। ডায়াবেটিস ও
পুষ্টি-সম্পর্কিত বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা ছাড়াও এ অঞ্চলের বিভিন্ন দেশে বায়োমেডিকেল ও পাবলিক
হেলথ গবেষণার জনশক্তি সৃষ্টিতে অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে ওআইসির
সদস্যদেশগুলোর পাঁচজন বিজ্ঞানী এই পুরস্কার লাভ করেছেন।
অধ্যাপক লিয়াকত আলির জন্ম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সব্দলপুর গ্রামে। বর্তমানে তিনি
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস’-এর উপাচার্যের দায়িত্ব
পালন করছেন। বিজ্ঞপ্তি।