আইএনএস ভিকরান্তের রেপ্লিকা মুক্তিযুদ্ধ জাদুঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর কে ধওয়ান গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে একাত্তরের মুক্তিযুদ্ধে ব্যবহৃত এয়ারক্রাফট ক্যারিয়ার (রণতির) ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ভিকরান্তের একটি রেপ্লিকা মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভারতীয় নৌবাহিনীর জাহাজের এ রেপ্লিকাটি ভারতের উপহারস্বরূপ স্মৃতিচিহ্ন হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণের জন্য দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে রেপ্লিকাটি গ্রহণ করেন জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী এবং অপর ট্রাস্টি হোসাইন আকতার চৌধুরী। রেপ্লিকা হস্তান্তর অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং বেসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক কমডোর আশরাফুল হক চৌধুরী, ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা শাখার উপদেষ্টা ব্রিগেডিয়ার পিসি থিমাইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএনএস ভিকরান্ত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় বঙ্গোপসাগরে অত্যন্ত কার্যকরভাবে নেভার ব্লকেড (নৌ-অবরোধ) প্রয়োগ করে। এ যুদ্ধজাহাজ থেকে ভারতীয় যুদ্ধবিমানের সহায়তায় চট্টগ্রাম, কক্সবাজার এবং পরবর্তী সময়ে খুলনা ও মংলা বন্দরে উপর্যুপরি আক্রমণ পরিচালনা করা হয়, যা বাংলাদেশের বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছিল। বিজ্ঞপ্তি।