আইএনজিও ফোরাম স্বাধীনতার ৪০ বছর উদ্যাপন করবে কাল
বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদ্যাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত আইএনজিও ফোরাম। কাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের প্রতিনিধিরা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে ৪০ বছর ধরে এনজিওগুলো সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশে এনজিওগুলোর বিচরণও ব্যাপক। এ দেশের অনেক অর্জনে এনজিওগুলোর ভূমিকা আছে। তবে আমাদের কিছু ব্যর্থতাও আছে। তার পরও আমরা এগিয়ে যেতে চাই। এ জন্যই আমরা এই অনুষ্ঠান করছি।’ অ্যাকশনএইডের কান্ট্রি প্রতিনিধি ফারাহ কবীর বলেন, ‘দারিদ্র্য দূর করার দায়িত্ব সরকারের। আমরা কেবল সহায়ক শক্তি।’ তিনি বলেন, স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে আইএনজিও ফোরাম ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে এনজিওগুলোর সার্বিক কার্যক্রম যেমন আলোচনা হবে, তেমনি ভবিষ্যতে এনজিওগুলোর ভূমিকা কী হতে পারে, তা নিয়েও আলোচনা হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪০ বছর ধরে বিভিন্ন আইএনজিও ত্রাণ, পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্রকে শক্তিশালীকরণ, সুশাসন, জলবায়ুর প্রভাব ও প্রতিকার, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে আসছে। এই প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করার উদ্দেশ্যে আইএনজিও ফোরাম বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, নাগরিক সমাজ ও দাতা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি খায়রুল ইসলাম, অক্সফামের কান্টি প্রতিনিধি গ্যারেথ প্রাইস জোন্স, কনসার্ন ওয়ার্ল্ভ্রের এ কে এম মুসা, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ভ্রের জাভেদ আমির এবং রুম টি রিডের কান্ট্রি প্রতিনিধি জাকির হাসান।