আইএপিটিসির সম্মেলন সমাপ্ত
বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আবুল বাশার ইমামুজ্জামান ২০১১ সালের জন্য আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রসমূহের (আইএপিটিসি) সভাপতির দায়িত্ব পেয়েছেন।ঢাকায় অনুষ্ঠিত চার দিনব্যাপী আইএপিটিসির ১৬তম বার্ষিক সম্মেলনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এ সম্মেলনের আয়োজন করে।গতকাল বুধবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল নগরের একটি হোটেলে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্বে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন এতে বিশেষ অতিথি ছিলেন। আইএপিটিসির বিদায়ী সভাপতি অষ্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের সহকারী কমিশনার ফ্রাংক প্রেডারগাস্ট এবং নবনিযুক্ত সভাপতি ইমামুজ্জামান বক্তব্য দেন।