আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেলেন সৈয়দ হক ও ফারুক মঈনউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১১’-এর জন্য সৈয়দ শামসুল হকের জলেশ্বরীর দিনপত্রী ও ক্লিনটন বি সিলি রচিত ফারুক মঈনউদ্দীন অনূদিত অনন্য জীবনানন্দ: জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী সেরা বই নির্বাচিত হয়েছে। দেশ-বরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী, বাছাই কমিটি ও বিচারকমণ্ডলীর মাধ্যমে তিন শতাধিক বইয়ের মধ্য থেকে সেরা দুটি বই নির্বাচন করা হয়। চলতি মাসে লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। জলেশ্বরীর দিনপত্রীর প্রকাশক শুদ্ধস্বর এবং অনন্য জীবনানন্দ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। উল্লেখ্য, অনন্য জীবনানন্দ অমর একুশে বইমেলায় প্রকাশিত সেরা বই হিসেবে বাংলা একাডেমী কর্তৃক চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০১২ লাভ করেছিল।উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-সাহিত্য, কবিতা, ভ্রমণকাহিনি, আত্মজীবনী ও অনুবাদ-সাহিত্য—এ সাতটি শাখায় ২০১১ সালে প্রকাশিত বইয়ের মধ্য থেকে সেরা হিসেবে বই দুটি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। জলেশ্বরীর দিনপত্রীর লেখক সৈয়দ শামসুল হক ও অনন্য জীবনানন্দ বইটির অনুবাদক ফারুক মঈনউদ্দীন প্রত্যেকেই পাঁচ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র পাবেন। অর্থমূল্যের দিক থেকে এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ পুরস্কারের জন্য মনোনীত লেখকদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘কঠোর গোপনীয়তা ও সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে সেরা বই নির্বাচন করা হয়েছে।’