আইএফআইসি সাহিত্য পুরস্কার পেলেন পাঁচ গবেষক-সাহিত্যিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ ও ২০১৩ সালের আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেয়েছেন পাঁচ গবেষক ও সাহিত্যিক। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে লেখকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

২০১২ সালের সেরা বই হিসেবে পুরস্কার পেয়েছে সুফি মোস্তাফিজুর রহামান ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের গবেষণামূলক লেখা ‘ওয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে’ এবং শিমুল বড়ুয়ার ‘বাংলার বৌদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি’। বই দুটি প্রকাশ করেছে যথাক্রমে প্রথমা প্রকাশন ও অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী।
২০১৩ সালের সেরা বই হিসেবে পুরস্কার পেয়েছে জহিরুল ইসলামের লেখা ‘মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়’ এবং খসরু পারভেজের লেখা ‘মধুসুদন বিচিত্র অনুষঙ্গ’। এ দুটি বই প্রকাশ করেছে যথাক্রমে প্রথমা প্রকাশন ও কথা প্রকাশ।
শিরীন শারমিন চৌধুরী সম্মাননা পুরস্কার হিসেবে লেখকদের হাতে পদক ও পাঁচ লাখ টাকার চেক তুলে দেন। অসুস্থ থাকায় হাবিবুল্লা পাঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করে তাঁর মেয়ে পূরবী পাঠান।
অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘ওয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে’ বইটি আমাদের প্রত্নতাত্ত্বিক গবেষণার অমূল্য সম্পদ। আইএফআইসি ব্যাংকের এই পুরস্কার লেখকদের চিন্তাকে আরও বিস্তৃত করবে এবং গবেষণামূলক কাজে অন্যদের উৎসাহ যোগাবে।
অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ বলেন, অসৎ জীবনে সৃষ্টিশীল হওয়া যায় না। সেই জন্যই সৃষ্টিশীলদের পুরস্কার দিয়ে উৎসাহ যোগাতে হয় এবং তাঁদের সৃষ্টিশীল কাজে পৃষ্ঠপোশকতা করতে হয়।
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারোয়ার, নির্বাহী কমিটির চেয়ারম্যান লুৎফুর রহমান প্রমুখ।