
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত দুটি বই এবার আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার, ২০১৪ পেয়েছে। বই দুটি হলো সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরীর আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের বালুকাবেলায় এবং কথাশিল্পী শাহিন আখতারের উপন্যাস ময়ূর সিংহাসন। বই দুটি প্রথমা থেকে প্রকাশিত হয়েছিল ২০১৪ সালে। নিয়ম অনুসারে ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রকাশিত বইয়ের পুরস্কার দেওয়া হচ্ছে ২০১৫ সালে।
গতকাল বুধবার সন্ধ্যায় আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে লেখকদের কাছে চিঠি দিয়ে পুরস্কার পাওয়ার কথা জানানো হয়। এই পুরস্কারের অর্থমান প্রতিটি পাঁচ লাখ টাকা। এ ছাড়া একটি ক্রেস্ট ও সনদও দেওয়া হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহের কোনো এক দিন আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
এ বিষয়ে লেখক ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) সন্ধ্যায় ব্যাংকের তিন কর্মকর্তা আমাকে পুরস্কার পাওয়ার চিঠি দিয়ে গেছেন।’ তিনি বলেন, ‘এখন অনেক বয়স হয়েছে। লেখালেখি শুরু করছি অনেক পরে। পুরস্কার পেয়ে ভালো লেগেছে।’
শাহিন আখতার বলেন, সন্ধ্যায় তাঁর কাছে ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার পাওয়ার চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ময়ূর সিংহাসন উপন্যাসটি এর আগে ২০১৪ সালের বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস সাহিত্য পুরস্কার পেয়েছে। পুরস্কার পেয়ে তিনি আনন্দিত বলে জানান।
আইএফআইসি ব্যাংক ২০১১ সাল থেকে সৃজনশীল সাহিত্যে প্রতিবছর দুটি করে পুরস্কার দিচ্ছে। এই নিয়ে টানা চতুর্থবার প্রথমা প্রকাশনের বই এই পুরস্কার লাভ করল। প্রথম বছর পুরস্কার পায় ক্লিন্টন বি সিলি রচিত ও ফারুক মঈনুদ্দীন অনূদিত অনন্য জীবনানন্দ: জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী, ২০১২ সালে পুরস্কার পায় সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠানের উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে এবং ২০১৩ সালে এই পুরস্কার পায় জহিরুল হক রচিত মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়।