
মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইএফজে।
গতকাল মঙ্গলবার দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানায়। এতে বলা হয়, সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে হয়রানিমূলক এসব মামলার ঘটনায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্বেগ প্রকাশের পাশাপাশি আইএফজেও উদ্বিগ্ন।
আইএফজে বলেছে, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন্বিত আইনি প্রক্রিয়া গ্রহণের এ চেষ্টা স্পষ্টতই বাংলাদেশে গণমাধ্যমকে ভয়ভীতি দেখানো এবং তাদের স্বাধীনতায় বাধা দেওয়ার চেষ্টা।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গতকাল পর্যন্ত সব মিলিয়ে ঢাকা ও অন্যান্য জেলায় ৫৫টি মামলা দায়েরের খবর পাওয়া গেছে। মামলাগুলোর বাদী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর সহযোগী এবং সমমনা সংগঠনের নেতা ও আইনজীবীরা।
এসব মামলার বিষয় উল্লেখ করে আইএফজের বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সংকটকালে জনস্বার্থ-সংশ্লিষ্ট প্রতিবেদন ছাপানোর ফলাফল হিসেবে মাহ্ফুজ আনামকে যেভাবে আইনি হয়রানিতে ফেলা হচ্ছে, তাতে আইএফজে গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে আরও বলা হয়, মামলার সংখ্যা ও দেশজুড়ে সেগুলো দায়েরের ঘটনা বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সম্পাদক ও একটি শীর্ষ ইংরেজি দৈনিককে হয়রানির সম্মুখীন করার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আগ্রাসী চেষ্টারই ইঙ্গিত।
আইএফজে বলেছে, রাষ্ট্রদ্রোহ ও মানহানির আইনে এসব মামলা দায়েরের ঘটনা অত্যন্ত উদ্বেগের। রাষ্ট্রদ্রোহ আইন সেকেলে বলে বিবেচিত হলেও এ অঞ্চলে প্রায়ই সেটা রাজনৈতিক বিরোধিতা ও সমালোচনা বন্ধের উপায় হিসেবে পুনরুজ্জীবিত করা হচ্ছে। বাংলাদেশে গণমাধ্যমের জন্য ইতিমধ্যে চরম প্রতিকূল হয়ে ওঠা পরিবেশে এটা দুশ্চিন্তার এক নতুন মাত্রা যোগ হওয়ার ঘটনা বলে আইএফজে মন্তব্য করেছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, এর আগেও ডেইলি স্টার সরকারের হয়রানির শিকার হয়েছে। একটি নেতৃস্থানীয় মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন না দিতে সরকারি কর্তৃপক্ষ বাধ্য করায় বিজ্ঞাপন বাবদ বিপুল আয় থেকেও বঞ্চিত হয়েছে পত্রিকাটি।
বিবৃতির শেষের অংশে আইএফজে সাংবাদিক ও গণমাধ্যমকে হয়রানি করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার না হতে দেওয়ার আহ্বান জানায়। বিচার বিভাগের প্রতি আমরা আহ্বান জানাই, তারা যেন এ বিষয়ে হস্তক্ষেপ করে; যাতে দায়ের করা মামলাগুলোর ওপর একটি আদালতে শুনানি এবং পূর্ণ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হয়।
ঠাকুরগাঁওয়ে মানববন্ধন: প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে অব্যাহতভাবে মামলা দায়েরের প্রতিবাদে গতকাল দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
‘সংবাদপত্র পাঠক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও সংগঠনের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গণতন্ত্র ও মুক্তমত বাঁচাতে হলে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।