আইএমওতে চলছে উত্তরপত্র মূল্যায়ন
শিক্ষার্থীদের দুই দিনের পরীক্ষা শেষে আজ রোববার দুপুর থেকে শুরু হয়েছে প্রতিযোগীদের উত্তরপত্র মূল্যায়ন ও প্রাপ্ত নম্বর সমন্বয়ের কাজ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) নিয়মানুযায়ী প্রতিটি উত্তরপত্র নিজ দেশের দলনেতা এবং এখানকার পরীক্ষকগণ আলাদাভাবে মূল্যায়ন করবেন। তারপর এক সঙ্গে বসে প্রাপ্ত নম্বরের ব্যাপারে একমত হবেন।
আজ বাংলাদেশের ১ ও ২ নম্বর সমস্যা সমন্বয় করার কথা থাকলেও কোনটিই সম্পূর্ণ করতে পারেনি। বাংলাদেশের দলনেতার খাতা দেখা সম্পন্ন না হওয়ায় ২ নম্বর সমস্যা কালকের জন্য নির্ধারণ করা হয়েছে। ১ নম্বরের বেলায় ছয়জনের মধ্যে পাঁচজনের ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে পারলেও একজনের ব্যাপারে দ্বিমত থেকে গেছে। কাজে এটিও কালকে সমন্বয় করতে হবে।
কাল সোমবার বিকেল নাগাদ অধিকাংশ দেশের বেশির ভাগ সমন্বয়ের কাজ সম্পন্ন হওয়ার পর মেডেলের ব্যাপারে কিছুটা ধারণা করা যাবে।
খাতা দেখার কাজটি হচ্ছে শহরের অন্যপ্রান্তে। আগে আমরা যেখানে ছিলাম সেটিকে নতুন ঢাকার সঙ্গে তুলনা করলে এখন আমি আর মাহবুব আছি পুরান চিয়াং মাই-তে। পুরান ঢাকার মতো এখানেও পাশে একটা নদী আছে। তবে, আমাদের দেশে এই ছোট প্রস্থের পানির প্রবাহটিকে নদী বলে মেনে নিতে অনেকেরই আপত্তি থাকবে।
আমরা যখন খাতা নিয়ে ব্যস্ত তখন আমাদের প্রতিযোগীরা মন্দির, হ্যান্ডিক্রাফট কেন্দ্র আর উষ্ণ প্রস্রবণ দেখে এসেছে। প্রায় সাত শ বছরের পুরাতন চিয়াংমাই শহরের অন্যতম আকর্ষণ হলো এর পাহাড়ের ওপরের স্বর্ণালি মন্দির। রাজাদের নানান রকম কৌশলের কারণে থাইল্যান্ড ইংরেজ কিংবা ফ্রান্সের উপনিবেশ হয়নি। ফলে, বিভিন্ন স্থানে তারা তাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। আর অধিকাংশ পাহাড় থেকে নেমে এসেছে ঝরনা। দিনভর মজা করে, প্রতিযোগীরা এখন নিজেদের হোটেলে খেলাধুলায় ব্যস্ত।
কালও প্রতিযোগীদের জন্য বেড়ানোর কর্মসূচি আছে। আর আমাদের শেষ করতে হবে খাতা দেখার কাজ।
৪ জুলাই থেকে থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অনুষ্ঠিত হচ্ছে ৫৬ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। ১১৪টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছে বাংলাদেশের ছয়জন প্রতিযোগী। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দেশজুড়ে গণিত উৎসবের মাধ্যমে এই ছয়জনকে নির্বাচিত করেছে।
আরও পড়ুন