আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণের দাবি

টঙ্গীর টাম্পাকো কারখানায় দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
আজ রোববার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি জানানো হয়।
জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে দ্রুত সহায়তা প্রদান, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচার ও শাস্তির ব্যবস্থা, আইলও কনভেনশনের ১২১ ধারা অনুযায়ী প্রত্যেক নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিককে পাঁচ লাখ টাকা ‘পেইন অ্যান্ড সাফারিং’ ক্ষতিপূরণ প্রদানসহ আট দফা দাবি জানান শ্রমিকনেতারা।
টাম্পাকো কারখানার দুর্ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে সমাবেশে জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান বলেন, এটা নিছক কোনো দুর্ঘটনা নয়। প্রথমে বলা হলো বয়লার বিস্ফোরণ, পরে বলা হলো গ্যাস লিকেজ। গ্যাসের কথা বলে মালিকপক্ষ ছলচাতুরী করে দায় এড়ানোর চেষ্টা করছে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি শাফিয়া পারভীন এ সময় শ্রম আইন নয়, আইএলও কনভেনশনের ১২১ ধারা অনুযায়ী নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি আমিরুল হক আমিনসহ সাতটি ফেডারেশনের শ্রমিকনেতারা বক্তব্য দেন। পরে প্রেসক্লাবের সামনে থেকে কালো পতাকাসহ শোক র্যালি বের করা হয়। র্যালিটি হাইকোর্ট, পল্টন হয়ে তোপখানা রোডে গিয়ে শেষ হয়।
১০ সেপ্টেম্বর টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেডে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন।