আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থনে দেশের গৃহশ্রমিকদের তুলনায় প্রবাসী গৃহশ্রমিকেরা বেশি লাভবান হবেন। পাশাপাশি গৃহশ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্যও এই অনুসমর্থন অত্যন্ত জরুরি।

আজ মঙ্গলবার ‘গৃহশ্রমিকের জন্য শোভন কাজসংক্রান্ত আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয়’ শিরোনামের এক মতবিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন।

আগামী ৫ জুন শুরু হতে যাওয়া আন্তর্জাতিক শ্রম সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস।

আইএলও কনভেনশন-১৮৯-এর মূল বিষয়বস্তু গৃহশ্রমিকের মানবাধিকারের কার্যকর সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া। সভায় আলোচকেরা কনভেনশনটি অনুসমর্থনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, এতে গৃহশ্রমিকের বিষয়ে সরকারের দায়িত্ব, দায়বদ্ধতা তৈরির পাশাপাশি জবাবদিহির সুযোগও থাকবে। পাশাপাশি যেসব দেশে বাংলাদেশ থেকে গৃহশ্রমিক যায়, সেসব দেশের ওপর প্রবাসী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা প্রাপ্তিতে চাপ প্রয়োগ করা সহজ হবে।

গৃহকর্মী সুরক্ষা নীতিমালার জন্য আইএলওর মাইগ্রেশন প্রজেক্টের প্রধান প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা দীপা ভারতী সরকারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গৃহশ্রমিকেরা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, অথচ তাঁরা অবহেলিত। পাশাপাশি গৃহশ্রমিকের ৮৩ শতাংশই নারী, যাঁরা কাজ করতে গিয়ে নানা ধরনের নির্যাতনের শিকার হন, তাঁদের আইনি সহায়তা ও অধিকার নিশ্চিত করতে কনভেনশনটির অনুসমর্থন জরুরি।

সভায় বিভিন্ন গৃহশ্রমিক সংগঠনের কয়েকজন সদস্য বলেন, গৃহশ্রমিকেরা খুব মানবেতর জীবন যাপন করেন। তাঁদের না আছে কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা, থাকার জায়গা, সাপ্তাহিক বা মাতৃত্বকালীন ছুটি। তাঁদের জন্য কোনো নির্ধারিত বেতনও নেই।

এর সমাধান হিসেবে তাঁরা গৃহশ্রমকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য পৃথক আইন দরকার বলে জানান। পাশাপাশি তাঁরা রেশনকার্ড, জীবনবিমা সুবিধা, কর্মঘণ্টা ও ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা বলেন, শ্রম আইনে গৃহকর্মকে স্বীকৃতি দেওয়া হয়নি, আবার নীতিমালায় বিভিন্ন ক্ষেত্রে এই মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে; এর সমাধান দরকার। ভয়ের সংস্কৃতির কারণে নির্যাতনের শিকার হলেও মামলা হয় কম।

সরকারের জবাবদিহির জন্য এই কনভেনশনের অনুসমর্থন দরকার উল্লেখ করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, দেশে গৃহকর্মী মানেই ছোট ছোট শিশু। তাদের অধিকার নিশ্চিত করার জন্য এটা সরকারকে করতে হবে।

এতে জানানো হয়, হাতে গোনা কয়েকটি দেশ থেকে গৃহশ্রমিকেরা বিদেশে কাজ করতে যান; এর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্বের ২৪টি দেশ গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করলেও বাংলাদেশ করছে না। পাশাপাশি নিজেরা অনুসমর্থন না করায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও এটা অনুসমর্থনে চাপ দেওয়া যাচ্ছে না।

আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনে সরকার কনভেনশনটি অনুসমর্থন করছে না জানিয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, ‘আমরা আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করার জন্য প্রস্তুত আছি, আপনারা এর ক্ষেত্র প্রস্তুত করুন। এ সময় আগামী তিন-চার বছরের মধ্যে অনুসমর্থনের সম্ভাবনা আছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় দেশের গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, সদস্য ও গৃহশ্রমিকেরা উপস্থিত ছিলেন।