সংশোধিত শ্রম আইন নিয়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) নেতিবাচক প্রতিবেদনে উষ্মা প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, আইএলওর ওই প্রতিবেদনের প্রতিবাদ জানানো হবে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংশ্ল্লিষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ সংশোধন’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।রাজিউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি শ্রম আইন সংশোধন বিলে এখনো স্বাক্ষর করেননি, গেজেটও প্রকাশিত হয়নি। ফলে বিলটি এখনো আইনে পরিণত হয়নি। তাই এ আইনের অনুমোদিত কোনো ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়নি। তা সত্ত্বেও কিছু বিদেশি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থা এ আইনের সংশোধন বিষয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করছে, যা অনভিপ্রেত।মন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এতে আরও কিছু বিষয় সংযোজন ও বিয়োজন করার সুযোগ আছে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীতে তা বিবেচিত হবে।’ তিনি বলেন, আমাদের দেশের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে আইন করতে হয়। বাস্তব অভিজ্ঞতার আলোকেই শ্রম আইন, ২০০৬ সংশোধন করা হয়েছে। এতে কোনো শ্রমিকের অধিকার খর্ব হয়নি বরং বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সংশোধিত আইনে মালিক-শ্রমিকের সুন্দর সম্পর্কও তৈরি হওয়ার সুযোগ রয়েছে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মোহাম্মদ, বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি ফজলুল হক, বিকেএমইএর নেতা সিরাজুল ইসলাম রনি প্রমুখ।