সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমাদের অবস্থার উন্নতি হয়েছে, আরও উন্নতি হবে। রাস্তাঘাট, পুল, কালভার্ট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির—সবকিছুরই উন্নয়ন হচ্ছে। আইএস ইসলামের নামে বোমা ফাটিয়ে, জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে সারা বিশ্বে মুসলমানদের খাটো করছে। তারা ইসলামের শত্রু, বাংলাদেশের শত্রু। ওই অপশক্তির বিরুদ্ধে ১৯৭১ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের কিশামত ভুটিয়ান গ্রামে প্রায় চার কিলোমিটার পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিকের সভাপতিত্বে ওই গ্রামের কালীর বাজারে ওই অনুষ্ঠান হয়।
আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মঙ্গা দূর করেছি।’
বক্তব্য দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী হাসনাত হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে স্থানীয় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত ৪৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৯ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন। পরে একই স্থানে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও প্রজেক্টর বিতরণ করেন মন্ত্রী। জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে এ দুটি অনুষ্ঠানে পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী প্রমুখ উপস্থিত ছিলেন।