আইএস ও আল-কায়েদার রাডারের মধ্যে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদার রাডারের মধ্যে আছে বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
রাষ্ট্রদূত বলেছেন, ‘বাংলাদেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে এবং সরকারের এ বিষয়ে প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু তারপরও সম্ভবত বাংলাদেশ আইএস এবং আল-কায়েদার রাডারের মধ্যে আছে।’
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল রোববার আঞ্চলিক যোগাযোগ (কানেকটিভিটি) প্রসঙ্গে বক্তব্যের একপর্যায়ে বার্নিকাট এ কথা বলেছেন। অনুষ্ঠানটি ছিল ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) মাসিক মধ্যাহ্নভোজ সভা। সভার প্রধান বক্তাই ছিলেন রাষ্ট্রদূত।
বার্নিকাটের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারত ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় যে আঞ্চলিক যোগাযোগ চুক্তি হতে যাচ্ছে, এটি সন্ত্রাসবাদকে আরও বাড়িয়ে দেবে কি না? জবাবে রাষ্ট্রদূত বলেছেন, আন্তর্জাতিক (ট্রান্স ন্যাশনাল) অপরাধীরা যেমন মাদক চোরাচালানকারী, অর্থ পাচারকারীদের অপরাধ কার্যক্রম করতে কোনো দেশ লাগে না। তারা কোনো দেশকে সম্মানও করে না। তারা একটি ব্যবসায়িক মডেল তৈরি করে নিয়েছে এবং সেটা মেনে চলে। এর মানে এই নয় যে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা থেকে পিছিয়ে যেতে হবে। বরং আরও বেশি দেশকে এর সঙ্গে যুক্ত করা উচিত। অনেক দেশই এর মাধ্যমে সফলতা পেয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, সন্ত্রাসীরা নানা কৌশলে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। সে জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নতুন নতুন কৌশলও উদ্ভাবন করতে হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাও অনেক দেশে চরমপন্থাকে বাড়তে সহায়তা করে বলেও মন্তব্য করেন তিনি।