আইএস জঙ্গি সন্দেহে পশ্চিমবঙ্গের বর্ধমানে একজন গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের বীরভূমের আমোদপুর রেলস্টেশন থেকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে আইএসের সন্দেহভাজন এক জঙ্গিকে। নাম মহম্মদ মসিউদ্দিন মুসা। তাঁকে দফায় দফায় জেরা করে আইএসের সঙ্গে তাঁর যুক্ত থাকার প্রমাণ পায় সিআইডি পুলিশ। বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে বলে পুলিশ জানিয়েছে।
মসিউদ্দিন মুসার কাছ থেকে পুলিশ তাঁর আরও ১২ সহযোগীর সন্ধান পায়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয় গত মঙ্গলবার। তাঁদের নাম সাদ্দাম হোসেন ওরফে কালু এবং শেখ আমিনুদ্দিন। এই দুজন মুসাকে নিতে আমোদপুর রেলস্টেশনে এসেছিলেন। বাকিদেরও গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বুধবার ডিআইজি-সিআইডি (অপারেশনস) দিলীপ আদক জানান, আইএসের সঙ্গে মুসার যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে নাশকতা করার উদ্দেশ্য ছিল মুসার।
মুসার বাড়ি বীরভূম জেলার লাভপুরের বিডিওপাড়ায়। বছর আটেক আগে তিনি পরিবার নিয়ে চেন্নাইয়ের তিরুপ্পুর এলাকায় চলে যান। সেখানে একটি মুদি দোকান খুলে ব্যবসা করতে থাকেন। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। কয়েক বছর ধরে গ্রামের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখছিলেন না তিনি।
আরও জানা গেছে, গত সোমবার মুসা চেন্নাই থেকে ট্রেনে করে হাওড়ায় আসেন। সেখান থেকে ধর্মতলার নিউমার্কেট এলাকায় একটি ধারালো অস্ত্র কিনে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে করে নিজের গ্রামের বাড়ি লাভপুরে যাচ্ছিলেন।