বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে—এসব কথা বলা উচিত নয় বলে মনে করেন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিনের (দীপন) বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। গতকাল বুধবার প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। কমরেড নূরুল হক মেহেদী শোকসভা জাতীয় কমিটি এ স্মরণসভার আয়োজন করে। গত ১১ অক্টোবর নূরুল হক মারা যান।
আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘বাংলাদেশে আইএস থাকার কথা বললে বিপদ আছে। বিপদটা হলো এই—বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ আছে যে যুক্তরাষ্ট্রের জঙ্গিবাদবিরোধী যুদ্ধে অংশীদার থাকবে। এই বাস্তবতায় বাংলাদেশের সব রাজনৈতিক দল আর নাগরিক সমাজের লোক যদি বলতে থাকেন বাংলাদেশে আইএস আছে, তাহলে যেকোনো সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তি স্থাপনের জন্য, সহায়তা করার জন্য মার্কিন সৈন্য পাঠিয়ে দিতে পারে।’
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাম নেতা সাইফুল হক, টিপু বিশ্বাস, নূরুল হকের ভাই রাজ্জাকুল হায়দার চৌধুরী প্রমুখ।