আইএস নির্মূল জোটে এরই মধ্যে ৫৪ দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নির্মূল করতে গত মঙ্গলবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হওয়া অভিযানে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাঁচ আরব রাষ্ট্রসহ ৫৪টি দেশ। এই অভিযান গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকে। জঙ্গিদের প্রতিহত করতে জাতিসংঘের সমর্থন চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসি, রয়টার্স ও গার্ডিয়ানের। 
এদিকে প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক জানান, ওই অভিযান নিয়ে গতকাল বুধবার রাতে নিউইয়র্কে একটি বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকেও। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠকে যোগ দিচ্ছেন না। তা ছাড়া যদিও সন্ত্রাসবিরোধী লড়াইয়ের পক্ষে বাংলাদেশের অবস্থান পরিষ্কার, তবু সরকার এখনই আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।
আইএসকে মোকাবিলায় একটি বৃহৎ জোট গঠনের পরিকল্পনার রূপরেখা দুই সপ্তাহ আগেই ঘোষণা করেছিলেন ওবামা।
বিশ্লেষকেরা বলছেন, নানা বৈচিত্র্যময় এ জোট শেষ পর্যন্ত টিকবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, লড়াই বছরের পর বছর চলতে পারে। জোটের সদস্যরাও সম্মুখীন হতে পারে সামরিক-বেসামরিক ক্ষয়ক্ষতির মতো নানা প্রতিবন্ধকতার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, আইএসকে প্রতিহত করতে ৫৪টি দেশ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা থেকে আছে ইউক্রেনের মতো দেশও, যে তার পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের উত্থান ঠেকানোর মতো কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। আর সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন হামলার শুরুতেই সরাসরি অংশগ্রহণ বা সমর্থন দিয়েছে পাঁচ আরব দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও কাতার।
সিরিয়ায় অভিযানের ব্যাপারে বিভক্ত আরব দেশগুলোকে যুক্তরাষ্ট্র কীভাবে জোটে টেনে এনেছে এবং তারাই বা কী ভূমিকা রাখতে ইচ্ছুক, সেসব বিষয়ে মঙ্গলবার বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জোটের গুরুত্বপূর্ণ আরব সদস্য সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ ১১ সেপ্টেম্বর জেদ্দায় তাঁর রাজপ্রাসাদে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বলেছেন, জোটকে সহায়তায় বিমান হামলাসহ যেকোনো কাজ করতে প্রস্তুত তাঁর দেশ।
এর কয়দিন পরই জন কেরি সংযুক্ত আরব আমিরাতকে সৌদিকে অনুসরণে চাপ দেন। আরও আগে এ মাসের শুরুতে আম্মানে এক নৈশভোজে জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে বাগে আনেন পররাষ্ট্রমন্ত্রী কেরি। পরে এসব আরব দেশের পথ অনুসরণ করে বাহরাইন ও কাতার।
বিপরীতে, জোটে অংশ নেওয়া প্রশ্নে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্র ব্রিটেন ও ফ্রান্স সতর্ক পা ফেলার নীতি অবলম্বন করেছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, জোটভুক্ত দেশের ভূমিকা চিহ্নিত করা এবং তাদের মধ্যে সমন্বয়ের কাজটি করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি টাস্কফোর্স। কয়েকজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র-সমর্থনপুষ্ট সিরীয় বিদ্রোহীদের জন্য একটি প্রশিক্ষণকেন্দ্র খুলতে প্রস্তাব দেওয়া হয়েছে জর্জিয়াকে। তবে তিবলিসকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হবে কি না, তা পরিষ্কার নয়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এ লড়াইয়ে শরিক হলেও মূলত রাজনৈতিক সমর্থন দেওয়ার প্রস্তাব দিচ্ছে জোটের অনেক দেশই। গ্রিস বলেছে, তারা ওয়াশিংটনের নির্দিষ্ট দাবিসংবলিত প্রস্তাব না পেলেও মানবিক বা সামরিক সহায়তা দিতে প্রস্তুত।
জোটের একমাত্র দেশ তুরস্ক, যার অবস্থা থেকেও না থাকার মতোই। সিরিয়ার সঙ্গে এর রয়েছে দীর্ঘ সীমান্ত। কিছু বিশ্লেষকের মতে, গত সপ্তাহে অর্ধশত তুর্কিকে জিম্মিদশা থেকে আইএস মুক্ত করে দেওয়ার পর সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে অনেকটাই নমনীয় তুরস্ক।