আইএস নেই, জঙ্গিরাই বিভিন্ন নামে সন্ত্রাস করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে কোনো আইএস, আল-কায়েদা নেই। জঙ্গিরাই বিভিন্ন নামে সন্ত্রাস-নাশকতা চালাচ্ছে। এখানে যা কিছু হচ্ছে, তা জঙ্গিরাই করছে। তারাই আইএসের নামে সন্ত্রাস করছে।

আজ রোববার দুপুরে গাইবান্ধার সাঘাটা থানা ভবন চত্বরে জঙ্গিবিরোধী এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জেলা পুলিশ এই সমাবেশের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরে যেমন জনগণ দেশ স্বাধীনে কাজ করেছে, তেমনি এখন জঙ্গি দমনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেকোনো মূল্যে জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জঙ্গি-সন্ত্রাস নির্মূল করা হবে। গুলশান-শোলাকিয়া হামলার শোককে শক্তিতে পরিণত করে দেশ এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে তিনি যোগ করেন, বাংলাদেশকে একাত্তরে যেভাবে ভারত সহায়তা করেছে, জঙ্গি দমনেও সেভাবে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে। জাপানসহ অনেক দেশ থেকে একই ধরনের সংকেত পাওয়া গেছে।

পুলিশ বাহিনীর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সক্ষম পুলিশ তৈরির জন্য যা যা করা দরকার, আম তা–ই করব।’ সাঘাটাবাসীর উদ্দেশে তিনি বলেন, এই এলাকার দুর্নাম আছে। যেখানে জঙ্গি ধরা পড়ছে, সেখানেই সাঘাটার ছেলেদের নাম পাওয়া যাচ্ছে। আত্মীয়স্বজন ও ছেলেমেয়েদের ব্যাপারে সতর্ক থাকতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি বাংলাদেশের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছি। সবখানে বলছি, যেকোনো মূল্যে জঙ্গি দমন করতে হবে। না হলে আমরা ও দেশ এগোতে পারবে না। বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক তখনই দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে।’ তিনি বলেন, কেউ জঙ্গিবাদ চায় না। জঙ্গি হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাও পরিষ্কার হয়ে উঠছে।

সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাঘাটা থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।