আইএস নেই, ভারতকে জানিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ভারতকে জানিয়েছে, দেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের কোনো অস্তিত্ব নেই। তাদের কোনো সাংগঠনিক কার্যক্রমও নেই।

গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে ভারতের স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পক্ষ থেকে এ কথা জানানো হয়। সেখানে উপস্থিত একটি সূত্র এ কথা জানিয়েছেন।

ভারতের স্বরাষ্ট্রসচিব বলেন, ভারতে আইএস মতাদর্শের কয়েকজনের অস্তিত্ব পাওয়া গেছে। তবে তাঁরা তাদের আটক করে ফেলেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে যারা আনসারুল্লাহ বাংলা টিম, তারাই হরকাতুল জিহাদ, তারাই নতুন নতুন নামে নিজেদের জাহির করে।

ভারতের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, ভারতের সচিবের সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। আলোচনার বিষয় নিয়ে তিনি মুখ খোলেননি।

এদিকে গতকাল দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন। এ কমিটিতে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইমিগ্রেশন এবং ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা। ভারতীয় দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এ গণপতি।

বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, সন্ত্রাসবাদ, মাদক ও মানব পাচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আবারও সীমান্ত হত্যা কমানো ও সীমান্তে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠনগুলোর মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করা, জঙ্গি সংগঠনগুলোর ঘাঁটি ভেঙে দেওয়াসহ মোট ১৯টি বিষয়ে আলোচনা করা হয়েছে। স্থলসীমান্ত চুক্তি ও সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে গতকাল সোমবারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনার বিষয়গুলো সুপারিশ আকারে পেশ করা হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান। ভারতের পক্ষে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি।