নরসিংদীতে মুদিদোকানি চিত্তরঞ্জন আর্য্যকে (৫৭) কুপিয়ে আহত করার ঘটনায় আইএস দায় স্বীকার করলেও ভুক্তভোগী ব্যক্তি ও তাঁর পরিবার বলছে, ব্যক্তিগত শত্রুতার কারণে এ হামলা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে এখন পর্যন্ত জঙ্গি-সংশ্লিষ্টতার কোনো আলামত পাওয়া যায়নি। তারপরও যেহেতু আইএস দায় স্বীকার করেছে, তাই বিষয়টিকে মাথায় রাখা হচ্ছে। তবে ব্যক্তিগত বিরোধকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
গত মঙ্গলবার রাত আটটার দিকে নরসিংদীর মাধবদী থানার ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন রঘুনাথপুর গ্রামে মুদিদোকানি চিত্তরঞ্জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত। প্রায় ২৪ ঘণ্টা পর গত বুধবার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আইএসের কথিত বার্তা সংস্থা আমাককে উদ্ধৃত করে জানায় যে জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) দাবি করছে, ঘটনাটি তাদের যোদ্ধারা ঘটিয়েছে।
মাথায়, ঘাড়ে, গলায়, পেটে ও হাতের কবজিতে জখম নিয়ে চিত্তরঞ্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই বুধবার রাতে তিনি মামলা করার জন্য লিখিত এজাহার পাঠান মাধবদী থানায়। চিত্তরঞ্জন গতকাল প্রথম আলোকে বলেছেন, তিনি মনে করেন ব্যক্তিগত শত্রুতার জেরে তাঁর ওপর হামলা হয়েছে। এ কারণে ফিরোজ নামের স্থানীয় এক গাড়িচালকসহ চারজনকে আসামি করে মামলা করেছেন তিনি। এরই মধ্যে ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, চিত্তরঞ্জন গত মঙ্গলবার রাতে নিজের দোকানে মো. হাবিব নামের একজনের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে দোকানের সামনের সড়কে থামেন। দুজন নেমে এসে একজন হাবিবের বুকে পিস্তল ঠেকিয়ে চুপ থাকতে বলেন। আরেকজন দোকানের ভেতরে ঢুকে চাপাতি দিয়ে চিত্তরঞ্জনকে এলোপাতাড়ি কোপান। তাঁর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে তাঁরা চাপাতি ফেলে মোটরসাইকেলে পালিয়ে যান। হামলাকারীদের মুখ মুখোশে ঢাকা ছিল।
এজাহারে চিত্তরঞ্জন বলেন, মুদিদোকানের পাশাপাশি তাঁর লেগুনা গাড়ির ব্যবসা রয়েছে। গত বছরের ২৮ আগস্ট তাঁর একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে কবীর মিয়া নামের এক গাড়িচালক নিহত হন। কবীরের স্ত্রী ও তিন বছরের একটি ছেলে রয়েছে। কবীরের মৃত্যুর পর থেকে তাঁর পরিবারটিকে নানাভাবে সাহায্য করতেন তিনি। কবীরের স্ত্রী নাহিদা বেগম ওরফে নাইস খানের সঙ্গে তাঁদের পারিবারিক সখ্য আছে। এই সখ্যকে কেন্দ্র করে নিহত কবীরের ভাইবোন ও ভগ্নিপতির সঙ্গে তাঁর শত্রুতা তৈরি হয়। তাঁরা বিভিন্ন সময়ে চিত্তরঞ্জনকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। কয়েক দিন আগে চিত্তরঞ্জনকে অপহরণেরও চেষ্টা করেন।
ঢাকা-সিলেট মহাসড়কের একেবারে লাগোয়া চিত্তরঞ্জনের বাড়ি। বাড়ির সামনেই তাঁর দোকান দ্বীপ স্টোর। বাড়ির পাশে একটি কালীমন্দির। আইএসের কথিত দাবিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা পুরোহিত চিত্তরঞ্জনের ওপর হামলা করেছে। কিন্তু পরিবারের সদস্যরা বলছেন, বাড়ির পাশে মন্দির হওয়ায় তাঁরা মন্দিরের আশপাশ পরিষ্কারের কাজ করলেও চিত্তরঞ্জন ওই মন্দিরের পুরোহিত বা তত্ত্বাবধায়ক নন। একই কথা বলেছেন জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহাও।
চিত্তরঞ্জনের স্ত্রী চঞ্চলা আর্য্য প্রথম আলোকে বলেন, তাঁদের লেগুনা গাড়ি দুর্ঘটনায় নিহত কবীরের স্ত্রীর সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল। কবীরের স্ত্রী নাইস খান তাঁদের কাকা-কাকি বলে সম্বোধন করেন। বিভিন্ন সময়ে তাঁরা পরিবারটিকে নানাভাবে সাহায্য করে আসছেন। কিন্তু কবীরের ভাইবোনেরা বিষয়টিকে ভালোভাবে নেননি।
আইএসের দায় স্বীকারের কথা এ প্রতিবেদকদের কাছে প্রথম শোনেন চঞ্চলা। তিনি বলেন, ‘জঙ্গি আইব কইত্তিকা। কবীরের ভাই, বোনজামাই—ওরাই এই কাম করছে বইলা মনে হইতাছে।’
চিত্তরঞ্জনের বাড়ির কাছাকাছি নিহত কবীরের বাড়ি। তাঁর স্ত্রী নাইস খান প্রথম আলোকে বলেন, চিত্তরঞ্জনের পরিবারের সঙ্গে সখ্য নিয়ে তাঁর দেবর ও ননদেরা তাঁকে সন্দেহ করতেন। এ নিয়ে তাঁকে বিভিন্ন সময়ে মারধর করা হয়েছে।
চিত্তরঞ্জনের ওপর হামলা মামলার তদন্ত কর্মকর্তা মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহাম্মদ। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ফিরোজ দাবি করেন যে হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে চিত্তরঞ্জনের সঙ্গে তাঁর পরিবারের বিরোধের কথা স্বীকার করেন। তদন্ত কর্মকর্তার ধারণা, আতঙ্ক সৃষ্টি করার জন্য আইএস দায় স্বীকার করেছে।