আইএস বিষয়ে তথ্য আদান-প্রদান করতে চায় যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিষয়ে বাংলাদেশের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে চায় যুক্তরাষ্ট্র। তারা তথ্য আদান-প্রদানে একজন বিশেষজ্ঞও পাঠাতে চায় বাংলাদেশে।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইকের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা সব সময় তথ্য আদান-প্রদান করতে প্রস্তুত রয়েছি বলে মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি।’ তিনি বলেন, মার্শা বার্নিকাট জানিয়েছেন, বাংলাদেশে আইএস নেই, তবে আইএসের হুমকি রয়েছে। আইএস ইন্দোনেশিয়া পর্যন্ত গেছে, বাংলাদেশেও আসতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলার প্রশংসা করেছে এবং কীভাবে তা করছি, তা জানতে চেয়েছে।
দেশে কোনো ধরনের সন্ত্রাসী হুমকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ এখন বিশ্বের একটি সমস্যা। হুমকি সব সময় আছে এবং সব সময় থাকবে। তবে বাংলাদেশের মানুষ কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না।
শেরপুরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কাউকে দোষারোপ করব না। ভারতে বিচ্ছিন্নতাবাদী যারা ছিল, বিগত সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিত। সেগুলোর একটা চিহ্ন এটি।
গত সোমবার শেরপুরের নালিতাবাড়ীতে মেঘালয় সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব ভারী অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে।