আইএস সদস্য সন্দেহে সাবেক সেনা কর্মকর্তার ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে রাজধানীর মিরপুর থেকে গত শুক্রবার রাতে ফায়েজ ইজমাম খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তার ছেলে বলে জানিয়েছে ডিবি।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহজাহান প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার ১০ দিনের রিমান্ড আবেদন করে ফায়েজকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের সঙ্গে আরও যাঁরা যুক্ত আছেন, তাঁদের ব্যাপারে তথ্য নেওয়া হবে। গ্রেপ্তার অভিযানও অব্যাহত থাকবে।
ডিবির কর্মকর্তারা জানান, আইএসের সঙ্গে জড়িত সন্দেহে গত ২৪ মে রাজধানীর উত্তরার বাসা থেকে আমিনুল ইসলাম ও লালমাটিয়ার বাসা থেকে সাকিব বিন কামাল নামে দুজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। আমিনুল কোকাকোলা উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) বাংলাদেশের আইটি বিভাগের প্রধান। সাকিব একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক। রিমান্ডে তাঁরা ডিবিকে জানিয়েছেন, আইএস সদস্য হয়ে সিরিয়ায় যুদ্ধ করছেন বাংলাদেশি দুই যুবক। আরও ১৫-২০ জন যুবক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। এঁদের বেশির ভাগই প্রকৌশলী।
ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কয়েকজন যুবকের নাম পাওয়া গেছে। তাঁরা সিরিয়ায় যুদ্ধে যেতে প্রস্তুত। গ্রেপ্তার ফায়েজ তাঁদের মধ্যে একজন। আমিনুল ও সাকিবকে জিজ্ঞাসাবাদ করে তাঁর নাম পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে আইএসের পক্ষে প্রচার-প্রচারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফায়েজকে শুক্রবার রাতে রাজধানীর মিরপুরে ডিওএইচএসের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, ফায়াজ একটি ট্রাভেল এজেন্সির মালিক। তিনি বিবাহিত। তিনি ইন্টারনেটে আইএসের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। পাশাপাশি আইএসের পক্ষে পরিচিতদের কাছেও বিভিন্নভাবে বার্তা প্রদান করছিলেন তিনি। আইএস-মতাদর্শী বিভিন্ন জনের সঙ্গে নিয়মিত যোগাযোগও করছিলেন।
ডিবি জানায়, ছোট আকারের দল করে কিছু যুবক আইএসের পক্ষে ইরাকে যাওয়ার চেষ্টা করছেন। আগে গ্রেপ্তার হওয়া আমিনুল এ রকম একটি দলের প্রধান বলে মনে করা হচ্ছে। দেশের ভেতরে এ রকম আরও অনেক দল আছে বলে ডিবি মনে করে। গ্রেপ্তার ফায়েজ একটি দলের সক্রিয় কর্মী। ফায়েজকে জিজ্ঞাসাবাদ করে দলের অন্যদের সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া গেলে গ্রেপ্তার অভিযান চালাবে ডিবি।
ফায়েজের এ কর্মকাণ্ডের ব্যাপারে পরিবার কিছু বলেছে কি না—প্রশ্ন করলে এডিসি শাহজাহান প্রথম আলোকে বলেন, পরিবার এ বিষয়ে কোনো কথা বলেনি।