আইএস সন্দেহে সাবেক সেনা কর্মকর্তার ছেলে গ্রেপ্তার
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সদস্য সন্দেহে এবার সাবেক এক সেনা কর্মকর্তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আবদুল্লাহ আল গালিব (২৫)। তিনি ‘জুনুদ আত-তাওহিদ ওয়াল খিলাফা’ নামে নতুন একটি জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেছেন বলে ঢাকার পুলিশ দাবি করছে।
শনিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে গালিবকে গ্রেপ্তার করে শনিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। তাঁকে গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এ সময় ডিবির উপকমিশনার (পশ্চিম) শেখ নাজমুল আলম বলেন, গালিব সদ্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সহ-সমন্বয়ক। এর আগে তিনি হিজবুত তাহ্রীর ও জেএমবির সঙ্গেও যুক্ত ছিলেন।
শেখ নাজমুল আলম বলেন, আইএসের আদলে বাংলাদেশের খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গালিব সম্প্রতি ‘জুনুদ আত-তাওহিদ ওয়াল খিলাফা’ (খিলাফতের সৈন্যদল) নামে সশস্ত্র জিহাদি সংগঠন গড়ে তুলেছে। তিনি ১৫ থেকে ২০ জন সদস্য সংগ্রহ করে প্রশিক্ষণ দেওয়াও শুরু করেছিলেন। সংবাদ সম্মেলনে গালিবের বাসা থেকে উদ্ধার করা প্রশিক্ষণের একটি ভিডিওচিত্র দেখানো হয়।
গালিবকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদানকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, গালিবের বাবা সাবেক সেনা কর্মকর্তা। গালিব ইংরেজি মাধ্যমের স্কুল থেকে মাধ্যমিক (ও লেভেল) ও উচ্চমাধ্যমিক (এ লেভেল) পাস করেছেন। ২০১৩ সালে তিনি তৈরি পোশাক ও আতরের ব্যবসা শুরু করেন।
এ ঘটনায় গালিবের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। গালিবের বাবা অসুস্থ, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছেলের বিষয়ে পরিবারের কারও বক্তব্য নেওয়া যায়নি।
ডিবি কর্মকর্তারা জানান, গালিবের কাছ থেকে কম্পিউটারের ছয়টি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে। তাতে আইএসের তৈরি অনেক জিহাদি ভিডিও পাওয়া গেছে। ইন্টারনেট থেকে সংগৃহীত এসব ভিডিওর বাংলা অনুবাদ করতেন গালিব। অনুবাদ করা এসব ভিডিও বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পাতায় আপলোড করা হতো বলে ডিবির দাবি।
সংবাদ সম্মেলনে নতুন এই সংগঠনের শুরুর ঘোষণা সংবলিত একটি ভিডিওচিত্র দেখানো হয়। অবশ্য ভিডিওটি গত বছরের ১৯ অক্টোবর ‘আত-তাহরিদ মিডিয়া’ নামের একটি ওয়েব পেজেও আপলোড করা হয়েছিল।
ভিডিও বার্তায় কালো মুখোশ পরা এবং আগ্নেয়াস্ত্র ও ছুরি হাতে সাতজন তরুণকে দেখা যায়। তারা নিজেদের আইএস নেতা আবু বকর আল বাগদাদির অনুসারী হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে আল-কায়েদার নেতা আইমান আল জাওয়াহিরির প্রতিও আনুগত্যের কথা জানান এবং সব জঙ্গির সঙ্গে এক হয়ে কাজ করার ঘোষণা দেন। ভিডিওতে ঘোষণার পরে ছিল প্রশিক্ষণের চিত্র। ১০ জন তরুণকে আগ্নেয়াস্ত্র হাতে শারীরিক কসরত করতে দেখা যায়। সবাই কালো মুখোশ, কালো গেঞ্জি ও ট্রাউজার পরা। একটি টিনের চালা ঘরের পাশে কালো পলিথিন ঘেরা ছোট উঠানের মতো জায়গায় তাঁরা এ চিত্র ধারণ করেন।
ডিবির উপকমিশনার নাজমুল আলম বলেন, দেশের ভেতরে কোনো জায়গায় তারা এই ভিডিওচিত্রটি বানিয়েছে বলে মনে হচ্ছে। অস্ত্রগুলোও আসল বলে মনে হচ্ছে। তিনি বলেন, গালিব এর আগে কারাতে প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে এই ভিডিওচিত্রে গালিব আছেন কি না, তা এখনো নিশ্চিত হতে পারেননি।
এর আগে গত ২৪ মে আইএস সন্দেহে রাজধানী থেকে আমিনুল ইসলাম বেগ ও সাকিব বিন কামাল নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি। ওই দুজনও সচ্ছল পরিবারের সন্তান। এঁদের মধ্যে আমিনুল ইসলাম কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ছিলেন।