আইএসআইয়ের এজেন্টকে নিয়ে যাওয়ার ব্যাখ্যা দাবি বিএনপির
ঢাকার বিমানবন্দর থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একজন এজেন্টকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর তুলে নিয়ে যাওয়ার ঘটনার সরকারি ব্যাখ্যা দাবি করেছে বিএনপি।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন বলেন, ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার একটি খবর আজ প্রথম আলোতে প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে আইএসআইয়ের একজন এজেন্টকে বিমানবন্দর থেকে ‘র’ ধরে নিয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাই। টাইমস অব ইন্ডিয়ার এ খবরটি সঠিক কি না, এ ক্ষেত্রে সরকারের বক্তব্য কি? এই সংবাদ সঠিক হলে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা কীভাবে এ দেশ থেকে একজনকে নিয়ে যায়। আরেকটি গোয়েন্দা সংস্থার লোকই বা কীভাবে এ দেশে প্রবেশ করে।’
দেশে এখন হীরক রাজার রাজত্ব চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার চায় দেশে কারও চিন্তার অধিকার থাকবে না, কারও ভিন্নমত থাকবে না। দেশে এখন অঘোষিত একদলীয় শাসন চলছে।
‘বিএনপি অবৈধ’ সম্প্রতি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ’৭৫-এর বাকশাল গঠনের পর দেশে একটি মাত্র দল ছিল, তা হলো ‘বাকশাল’। পরবর্তীকালে জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, তখন আওয়ামী লীগের নতুন করে জন্ম হয়।
তারেক রহমান ইতিহাসের বিভিন্ন বইপত্র থেকে কিছু সত্য উচ্চারণ করেছেন বলে আবারও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম।