আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেওয়ার খবরের সমালোচনা
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেওয়ার ‘ভিত্তিহীন’ সংবাদ পরিবেশন করায় প্রথম আলোকে ছাড় দেবে না বিএনপি। এ জন্য প্রথম আলোর বিরুদ্ধে মামলা করা হবে। গতকাল শনিবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে (২৪ মার্চ এরশাদের ক্ষমতা দখল) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম এ কথা বলেন। নাজিম উদ্দিন আলম বলেন, ‘বিএনপিকে জড়িয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) কাছ থেকে টাকা নেওয়া সম্পর্কিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় প্রথম আলোকেও ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার পাশাপাশি প্রথম আলোর বিরুদ্ধেও মামলা করা হবে।’সম্প্রতি দুবাইয়ের খালিজ টাইমস-এ প্রকাশিত সংবাদে বলা হয়, বিএনপি ১৯৯১ সালে নির্বাচনের সময় আইএসআইয়ের কাছ থেকে পাঁচ কোটি রুপি নিয়েছিল। খালিজ টাইমস-এর এই সংবাদ প্রথম আলোতে প্রকাশিত হয়।