আইএসআইয়ের টাকা ‘কাল্পনিক গল্প’: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে খালেদা জিয়ার ‘অর্থ নেওয়ার’ খবরকে ‘কাল্পনিক গল্প’ অভিহিত করেছে বিএনপি। এ প্রসঙ্গে গত বুধবার প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবিবর্জিত। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমাদের নেত্রী বিদেশিদের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করেন না।’১৯৯১ সালের সংসদ নির্বাচনে খালেদা জিয়া আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়েছিলেন বলে বিদেশি একটি পত্রিকায় খবর বের হয়। ওই পত্রিকার খবরটি পরে প্রথম আলোতে ছাপা হয়। এ খবরের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী গত বুধবার সংসদে বলেন, ‘যারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অর্থ নিয়েছে এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।’ প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিশ্বের মধ্যে মর্যাদাবান ইকোনমিস্ট পত্রিকা বলেছে, ২০০৮ সালে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তায় বস্তায় টাকা এনে আপনারা (শেখ হাসিনা) নির্বাচন করেছেন। সেটাকে ঢাকতে এখন একটি নতুন কাল্পনিক গল্প তৈরি করেছেন।’মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, দয়া করে অবাস্তব, অবান্তর ও কাল্পনিক কথা বলবেন না। এ রকম কথা বললে কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসতে পারে।’ তারেক রহমানের পঞ্চম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও বক্তৃতা করেন খন্দকার মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা প্রমুখ।