চট্টগ্রামের জনসভায় সেনাবাহিনীর বিষয়ে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে বিএনপি। জনসভায় দেওয়া তাঁর বক্তব্য সম্পর্কে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল বিএনপি তাদের ব্যাখ্যা দেয়। বিএনপি দাবি করেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকায় আইএসপিআরকে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের অপব্যাখ্যা দেওয়ার কাজে অপব্যবহার করা হয়েছে।বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার বক্তব্যে সশস্ত্র বাহিনীর প্রতি আওয়ামী লীগ সরকারের অবজ্ঞা এবং সশস্ত্র বাহিনীর সমান্তরালে রক্ষীবাহিনী গঠনের বিবরণ তুলে ধরা হয়। আওয়ামী লীগ যে শক্তিশালী সশস্ত্র বাহিনী চায় না, সে কথা বলা হয়।বিএনপির মতে, পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে খালেদা জিয়া বলেছেন, ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচার করা হবে। পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবাদকারী সামরিক কর্মকর্তাদের চাকরিচ্যুতি ও হেনস্তার কথা বলা হয়েছে। গত তিন বছরে বেশ কিছু সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে যাওয়া এবং তাঁদের অবস্থান সম্পর্কে পরিবার কোনো কিছু না জানার ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত ও বিভিন্ন সামাজিক নেটওয়ার্ক মারফত প্রচারিত হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে ধরে নিয়ে যাওয়ার পর কারও হদিস পাওয়া না গেলে তিনি গুম হয়েছেন বলে ধরে নেওয়াই স্বাভাবিক। নিরুদ্দিষ্ট সেনা কর্মকর্তাদের সম্পর্কে বিরোধীদলীয় নেত্রী সে কথাই বলেছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকলাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট অভিযোগ করলে সেই সমালোচনা সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে করা হয়েছে বলে প্রচার করাটা নিছক অপপ্রচার ও অপব্যাখ্যা। সরকারের বিরুদ্ধে যে সমালোচনা, তার জবাব দেওয়ার দায়দায়িত্ব সশস্ত্র বাহিনীর নয়।