আইএসবিরোধী যুদ্ধে জড়াবে না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ার আংশিক নিয়ন্ত্রণকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে যুক্ত হবে না বাংলাদেশ। তবে জাতিসংঘের অধীনে উপদ্রুত এলাকায় মানবিক সহায়তা মিশনে বাংলাদেশ যোগ দেবে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল মঙ্গলবার তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসেম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আইএসবিরোধী অভিযানের ব্যাপারে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। কোনো ধরনের জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দিই না। আমাদের দেশকে আমরা কখনোই অন্য দেশের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেব না।’
ইরাক ও সিরিয়ার ব্যাপারে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ দুটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করি। আমরা চাই তা সংরক্ষিত হোক। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, তা সব সদস্যদেশের জন্য বাধ্যতামূলক। আমরাও সেটার আওতায় আছি। যেসব এলাকায় এসব ঘটনা ঘটছে, জাতিসংঘের অধীনে সেখানকার দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত লোকজনের মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়, সেখানে আমরা অংশগ্রহণ করব।’
প্রসঙ্গত, আইএসকে প্রতিহত করতে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে যুক্তরাজ্য, ফ্রান্স ছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যোগ দিয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের সময় নিরাপত্তা পরিষদ আইএস নিয়ে একটি বিশেষ বৈঠক করে, যাতে অনেক দেশের সঙ্গে বাংলাদেশও অংশ নেয়৷