সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার উদ্দেশ্যে গত বছরের অক্টোবরে যুক্তরাজ্য ছাড়েন বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচ ব্রিটিশ নাগরিক। যুক্তরাজ্য থেকে তাঁদের হাসিমুখে রওনা হওয়ার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে। গতকাল বুধবার দুবাইভিত্তিক আল আরাবিয়া নিউজের এক খবরে এ কথা বলা হয়েছে।
যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকার বরাত দিয়ে খবরে বলা হয়, তুরস্কে ছুটি কাটাতে যাওয়ার নাম করে দলটি যুক্তরাজ্য ত্যাগ করে। তারা নিজেদের ‘ব্রিটানি ব্রিগেড বাংলাদেশি ব্যাড বয়েজ’ বলে উল্লেখ করে। পরে ওই পাঁচজন তুরস্কের একজন মধ্যস্থতাকারীর সহযোগিতায় সিরিয়ায় যান। ব্রিটিশ কর্তৃপক্ষ ওই দলের সদস্যদের পরিচয় প্রকাশ করেছে। সরকারের ভাষ্যমত, তাঁরা হলেন মুহাম্মদ হামিদুর রহমান (২৫), মাশাদুর চৌধুরী (৩১), আসাদ উজ্জামান (২৫), মেহদি হাসান (১৯) ও মামুনুর রশিদ। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকার বরাত দিয়ে খবরে আরও বলা হয়, হামিদুর গত মাসে এক যুদ্ধে নিহত হন। এর আগে তিনি যুক্তরাজ্যের প্রাইমার্ক পোশাক চেইনের একটি দোকানে সহকারী হিসেবে কাজ করতেন। পরে তাঁকে চাকরিচ্যুত করা হয়। এদিকে সিরিয়ায় জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে ইতিমধ্যে মাশাদুরকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে যুক্তরাজ্যের একটি কারাগারে বন্দী। সন্দেহ করা হচ্ছে, সিরিয়ায় অপহৃত মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদকারীদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।
এদিকে টেলিগ্রাফ-এর অনুসন্ধানের বরাত দিয়ে খবরে বলা হয়, মাশাদুর একসময় একটি মুসলিম যুবগোষ্ঠী পরিচালনা করতেন। ধারণা করা হয়, তিনি পাঁচজনের দলটির নেতা। এর আগে তিনি যুক্তরাজ্যে একটি বিমা কোম্পানিতে ও স্থানীয় একটি কাউন্সিলে কাজ করতেন।