আইএসের এ হামলা বিস্ময়কর কিছু নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি রেস্তোরাঁয় শুক্রবার রাতের হামলার অনেক কিছুই এখনো অস্পষ্ট। বন্দুকধারীরা সেখানে গুলি চালায় এবং সেই সঙ্গে গ্রেনেড ফাটায়। প্রাথমিক খবর অনুযায়ী, অন্তত ২০ জনকে জিম্মি করে ফেলে তারা।

গুলশান বিদেশি কূটনীতিকদের আবাসস্থল। এটি দেশটির অভিজাত শ্রেণির মানুষদেরও বসবাসের একটি জায়গা।
এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস। তবে বাংলাদেশে সংগঠনটির সক্রিয় উপস্থিতি আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশে আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা এবং আইএসের কার্যক্রম নিয়ে সম্প্রতি নানা ধারণা করা হচ্ছে। দুই বছর ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজন, বুদ্ধিজীবী, প্রগতিশীল লেখক এবং ব্লগারদের ওপর হামলার পর তা নিজেদের কাজ বলে দাবি করছে ইসলামি জঙ্গিরা। একটি হিসাবে দেখা গেছে, আইএস সামাজিক যোগাযোগের মাধ্যমে পাকিস্তান বা আফগানিস্তানের চেয়ে বাংলাদেশে বেশি হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে আছে ইতালীয় ও জাপানি নাগরিক হত্যা এবং শিয়া সম্প্রদায়ের মানুষের ওপর হামলা। জঙ্গি সংগঠনটি পবিত্র রমজান মাসে বিশ্বব্যাপী তাদের অনুসারীদের দুর্বল লক্ষ্যবস্তুতে হামলার জন্য আহ্বান জানায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এসব সন্ত্রাসী ঘটনার কোপানল থেকে বের হতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে আইএসের কোনো অবস্থানের কথা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে যাচ্ছে।
গত মাসে সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী সন্ত্রাসী ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ইসরায়েলের ষড়যন্ত্রের একটি অস্পষ্ট অভিযোগ আনেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা রোধে পুলিশি অভিযানে অন্তত ১২ হাজার মানুষকে আটক করা হয়। এর মধ্যে বেশির ভাগই ছোটখাটো অপরাধী এবং বিরোধী দলের সমর্থক।
সন্ত্রাসবাদ বিষয়ের বিশ্লেষকেরা বলছেন, শেখ হাসিনার সরকার দেশের জঙ্গি তৎপরতার বিস্তার রোধের চেয়ে নিজেদের অবস্থান সংহত করা এবং বিরোধী পক্ষকে কোণঠাসা করতে বেশি শক্তি ব্যয় করছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলছে, প্রথাগতভাবে ধর্মনিরপেক্ষ এবং মধ্য বামপন্থী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদক্ষ শাসন বাংলাদেশে জঙ্গিবাদী সন্ত্রাস এবং অস্থিতিশীলতার ভিত্তি রচনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন নষ্ট করার মতো সময় নেই। দেশের প্রধান বিরোধী পক্ষকে যদি চুপ করে রাখা হয়, একের পর এক সরকারবিরোধী পক্ষ সন্ত্রাসের পথ বেছে নেবে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উড্রো উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অভ্যন্তরে এসব সন্ত্রাসী ঘটনার জন্য বিরোধী জামায়াতে ইসলামী এবং বিএনপিকে দায়ী করছেন। এসব অভিযোগ পুরাপুরি মিথ্যা নয়। কিন্তু দেশে এসব জঙ্গি সংগঠনের অস্তিত্ব একেবারে অস্বীকার করার ফলে বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা দিনকে দিন বাড়ছে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশই দেশটিতে জঙ্গিবাদী তৎপরতা সৃষ্টিতে ভূমিকা রেখেছে। কুগলম্যান বলছেন, দেশের জঙ্গিবাদের বাড়বাড়ন্তকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা পুরো দেশকে একটি গভীর সংকটে ফেলছে। আর এর ফলে যে অপশক্তি বাংলাদেশের প্রতিষ্ঠাকালের বহুত্ববাদী এবং ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে মুছে ফেলতে চায়, এতে তারাই শক্তিশালী হচ্ছে।