আইএসের কাছ থেকে তামিমের অনুমতির তথ্য নেই পুলিশের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ব্যাপারে তামিম চৌধুরী আইএসের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন মর্মে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া। তবে এ বিষয়ে গোয়েন্দারা তদন্ত করছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি সংবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল শনিবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কমিশনার এসব কথা বলেন। রয়টার্সের ওই সংবাদে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গুলশান হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী, পরে অপর এক অভিযানে নিহত তামিম চৌধুরীকে হামলার ‘অনুমতি’ দিয়েছিল আইএস।
ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের নতুন ভবন নির্মাণে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের দুই কোটি টাকার সহায়তার চেক হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রয়টার্স তামিম চৌধুরী-সংক্রান্ত যা বলছে, সে-সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। এ ব্যাপারে যেহেতু তথ্য নেই, আমরা মন্তব্য করতে চাই না। আমরা বিষয়টা জেনেছি, সেটাও আমাদের গোয়েন্দারা তদন্ত করে দেখছেন।’ তিনি বলেন, ‘হলি আর্টিজানের ঘটনা বাংলাদেশে প্রথম। এটি সত্য যে সে সময় কেবল আমরা শুধু নই, পুরো জাতি এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না। হলি আর্টিজান আমাদের চোখ খুলে দিয়েছে। এরপরই আমরা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠন করেছি। আমাদের নিরাপত্তাব্যবস্থা ও কর্মকাণ্ড সম্পূর্ণরূপে ঢেলে সাজিয়েছি।’
জঙ্গিদের কর্মতৎপরতার লাগাম টেনে ধরার প্রসঙ্গ টেনে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বিদেশিরা যার কিছুই করতে পারেনি, আমরা ১০০ দিনের মাথায় এর লাগাম টোটালি টেনে ধরেছি।... আমরা দাবি করি, আমরা সক্ষম ওই ধরনের যেকোনো ঘটনা মোকাবিলা করার জন্য।’ জঙ্গিদের কিছু সহযোগী বাইরে রয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, ‘অপরাধ প্রতিরোধ, নিবারণ একটি চলমান প্রক্রিয়া। হলি আর্টিজানের পরে চলমান প্রক্রিয়ার মাধ্যমেই মিরপুর, শোলাকিয়া, আজিমপুর, কল্যাণপুর, নারায়ণগঞ্জ ও পাতারটেকে সফল অভিযান হয়েছে। এই কার্যক্রম চলছে।...এদের (জঙ্গিদের) কিছু কিছু সহযোগী বাইরে আছে, থাকতেই পারে। তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য, ধরার জন্য আমাদের কার্যক্রম চলছে।’